সারাবিশ্ব

পাঁচ আরোহীসহ পাকিস্তানি কার্গো বিমান নিখোঁজ, খুঁজতে জোর তল্লাশি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৫:৪২ পিএম

পাঁচ আরোহীসহ পাকিস্তানি কার্গো বিমান নিখোঁজ, খুঁজতে জোর তল্লাশি
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি কার্গো বিমান আরব সাগরের আকাশে নিখোঁজ হয়েছে। বিমানটিতে পাঁচজন ক্রু সদস্য ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৭ জুলাই) এক বিবৃতিতে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কে-২ এয়ারওয়েজের একটি বোয়িং ৭৩৭-৪০০ মডেলের কার্গো বিমান শারজাহ থেকে করাচির উদ্দেশে রওনা দেয়। উড্ডয়নের পর স্থানীয় সময় রাতের দিকে করাচি থেকে প্রায় ৩০০ কিলোমিটার পশ্চিমে আরব সাগরের আকাশে উড়ন্ত অবস্থায় বিমানটি রাডারের নজর থেকে হারিয়ে যায়।

বিবৃতিতে আরও বলা হয়, স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে বিমানটিকে হঠাৎ দ্রুত উচ্চতা হারাতে এবং গতিপথ পরিবর্তন করতে দেখা যায়। এর কিছুক্ষণ পর করাচি থেকে প্রায় ১৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে গিয়ে বিমানটির সঙ্গে রাডার ও যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ঘটনার পরপরই বিভিন্ন সংস্থার সমন্বয়ে সমুদ্রে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। নিখোঁজ বিমানটির অবস্থান শনাক্ত এবং আরোহীদের সন্ধানে উদ্ধারকারী দল নিরলসভাবে কাজ করছে।

পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কার্গো বিমানটিতে থাকা পাঁচজন ক্রু সদস্যের পরিচয় বা নিখোঁজ হওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করা হয়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি