সারাবিশ্ব
যুক্তরাষ্ট্রকে ‘জলদস্যু’ আখ্যা দিয়ে ব্রাজিলের প্রেসিডেন্টের কড়া বার্তা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ ফি আরোপের পরিকল্পনাকে ‘জলদস্যুতা’ বলে কড়া সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। সোমবার (১৩ জুলাই) সাও পাওলো অঙ্গরাজ্যে এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, জনসভায় লুলা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার কথা বললেও সেখানে চলাচলকারী প্রতিটি জাহাজ থেকে ২০ শতাংশ অর্থ নেওয়ার পরিকল্পনা করেছেন, যা অতীতে জলদস্যুতার সঙ্গেই তুলনীয় ছিল।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে জলদস্যুতার বিরুদ্ধে অবস্থান নেওয়া একটি দেশ নিজেরাই এমন আচরণ করতে পারে না। এই ধরনের সিদ্ধান্ত বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও সতর্ক করেন তিনি।
লুলা জানান, চলমান উত্তেজনার কারণে ব্রাজিলে শিম, চাল, টমেটো ও পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। একই সঙ্গে জ্বালানির মূল্যও ঊর্ধ্বমুখী, যা সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে।
এর আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব পণ্যবাহী জাহাজের ওপর ২০ শতাংশ ফি আরোপ করা হবে। তার দাবি, এই অর্থ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ব্যয় করা হবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গত ফেব্রুয়ারিতে ইরান হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেয়। পরে জুনে একটি শান্তি চুক্তির মাধ্যমে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে আবারও কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দেন ট্রাম্প।
আসন্ন অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া ৮০ বছর বয়সী ব্রাজিলের প্রেসিডেন্ট জানান, ইরান-সংকটের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে তার সরকার সাময়িক কিছু পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি মার্চ মাসে অপরিশোধিত তেল রপ্তানির ওপর আরোপ করা ১২ শতাংশ কর থেকে প্রাপ্ত অর্থও মূল্যবৃদ্ধির প্রভাব কমাতে ব্যবহার করা হচ্ছে।