সারাবিশ্ব

বিশ্বকাপ ফাইনালেও মাঠে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট  


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:১১ এএম

বিশ্বকাপ ফাইনালেও মাঠে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট  
ছবিঃ সংগৃহীত

টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি আর্জেন্টিনার সামনে। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে উপস্থিত থাকবেন না দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। কারণ, নিজের বিশ্বাস করা একটি ‘লাকি রুটিন’ বা কুসংস্কার ভাঙতে চান না তিনি।

আগামী রবিবার বাংলাদেশ সময় রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কিন্তু ম্যাচটি যুক্তরাষ্ট্রে বসে নয়, প্রেসিডেন্টের সরকারি বাসভবন অলিভোস থেকেই দেখবেন মিলেই।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার সাতটি ম্যাচই তিনি একই জায়গায় বসে দেখেছেন। তার বিশ্বাস, এই রুটিন বদলালে দলের জন্য অমঙ্গল ডেকে আনতে পারে।

স্থানীয় রেডিও এল অবজারভাদর-কে মিলেই বলেন, “কোনোভাবেই না। আমি সব ম্যাচের মতো এবারও অলিভোস থেকেই খেলা দেখব।”

তিনি জানান, একটি নির্দিষ্ট জ্যাকেটও তিনি প্রতিটি ম্যাচে পরে থাকেন। সুইজারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে গরম লাগায় জ্যাকেট খুলে ফেলতেই আর্জেন্টিনা গোল হজম করে। এরপর আবার জ্যাকেট পরে নেন এবং তারপর থেকে আর কখনো সেটি খোলেননি।

লাতিন আমেরিকায়, বিশেষ করে আর্জেন্টিনায়, এমন সৌভাগ্য-বিশ্বাস বা কুসংস্কার ‘কাবালা’ নামে পরিচিত। অনেক সমর্থকই মনে করেন, দল জিততে থাকলে একই রুটিন অব্যাহত রাখতে হয়। কেউ প্রতিটি ম্যাচে একই পোশাক পরেন, কেউ একই আসনে বসে খেলা দেখেন, আবার কেউ পুরো টুর্নামেন্টে নিজের জার্সিও ধুয়ে ফেলেন না।

ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বিশ্বকাপে এমন নানা কুসংস্কারের চর্চা দেখা গেছে। কেউ বাইবেল পাঠের নির্দিষ্ট রীতি অনুসরণ করছেন, আবার কেউ প্রতিপক্ষের খেলোয়াড়ের ছবি ফ্রিজে রেখে ‘সৌভাগ্য’ কামনা করছেন।

আর্জেন্টিনার প্রেসিডেন্টদের মধ্যেও বিশ্বকাপে মাঠে না যাওয়ার একটি অলিখিত ঐতিহ্য রয়েছে। ১৯৯০ বিশ্বকাপে তৎকালীন প্রেসিডেন্ট কার্লোস মেনেম উদ্বোধনী ম্যাচের আগে দলের সঙ্গে দেখা করার পর ক্যামেরুনের কাছে আর্জেন্টিনার অপ্রত্যাশিত পরাজয়ের ঘটনা অনেকের কাছে অশুভ হিসেবে বিবেচিত হয়। এরপর থেকে দায়িত্বে থাকা কোনো আর্জেন্টাইন প্রেসিডেন্টকে জাতীয় দলের বিশ্বকাপ ম্যাচে মাঠে উপস্থিত হতে দেখা যায়নি।