সারাবিশ্ব

শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে দেখছে মোদি সরকার: সোনিয়া গান্ধী


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১০:৩৬ এএম

শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে দেখছে মোদি সরকার: সোনিয়া গান্ধী
ছবিঃ সংগৃহীত

ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেত্রী সোনিয়া গান্ধী। তিনি অভিযোগ করে বলেছেন, জবাবদিহি দাবি করা শিক্ষার্থীদের নরেন্দ্র মোদি সরকার ‘দেশের শত্রু’ হিসেবে দেখছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ভারতের শিক্ষা ব্যবস্থার গভীর সংকট এবং সরকারের জবাবদিহি এড়িয়ে যাওয়ার প্রবণতাই এই আন্দোলনের মূল কারণ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এক বিবৃতিতে সোনিয়া গান্ধী বলেন, “মোদি সরকার সংলাপের পরিবর্তে বারবার বলপ্রয়োগের পথ বেছে নিয়েছে। কৃষক আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন গণআন্দোলনে একই ধরনের আচরণ দেখা গেছে।”

তিনি আরও বলেন, “এবার সরকার আরও এক ধাপ এগিয়ে দেশের ভবিষ্যৎ চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও উদ্যোক্তাদের প্রতি সহমর্মিতা দেখানোর পরিবর্তে তাদের ওপর রাষ্ট্রীয় দমন-পীড়ন চালিয়েছে। এই আচরণ ক্ষমার অযোগ্য, জনগণও তা ভুলবে না।”

শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে কংগ্রেস নেত্রী বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থার অনিশ্চয়তা ও হতাশাই তরুণদের রাজপথে নামতে বাধ্য করেছে। তাদের উদ্বেগ ও দাবি শোনার পরিবর্তে সরকার দমনমূলক পদক্ষেপ নিচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

এদিকে, দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান আন্দোলনের মধ্যেই বৃহস্পতিবার গভীর রাতে জাতির উদ্দেশে ভিডিও বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারের পক্ষ থেকে শুক্রবার আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে।

চলমান সংকট নিয়ে এটি ছিল মোদির দ্বিতীয় বক্তব্য। এর আগে তিনি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দেন।

সর্বশেষ ভিডিও বার্তায় মোদি বলেন, “আমি জানি প্রশ্নফাঁস কোনো সাধারণ বিষয় নয়। এটি লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য গভীর কষ্টের। তাই গত আড়াই মাসে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে।”

তিনি জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখে দ্রুত পুনরায় পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের সর্বোচ্চ প্রচেষ্টায় প্রায় ২২ লাখ শিক্ষার্থীর পরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

তথ্যসূত্র: দ্য হিন্দু