সারাবিশ্ব

সৌদির পরমাণু চুক্তি আব্রাহাম অ্যাকর্ডসে যোগদানের ওপর নির্ভরশীল: ট্রাম্প


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১০:৫২ এএম

সৌদির পরমাণু চুক্তি আব্রাহাম অ্যাকর্ডসে যোগদানের ওপর নির্ভরশীল: ট্রাম্প
ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি কার্যকর হবে কেবল তখনই, যখন রিয়াদ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে।

গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চুক্তি ঘোষণার একদিন পর ট্রাম্পের নতুন মন্তব্যে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ এখনো প্রকাশ করা হয়নি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লিখেছেন, “চুক্তিটি অনুমোদন করা হবে, তবে এটি সম্পূর্ণভাবে সৌদি আরবের আব্রাহাম অ্যাকর্ডসে যোগদানের ওপর নির্ভরশীল।”

এ বিষয়ে সৌদি আরব তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্তে চুক্তি কার্যকর হলে তা রিয়াদের দীর্ঘদিনের নীতিগত অবস্থান থেকে বড় ধরনের সরে আসার ইঙ্গিত বহন করবে।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্প পোস্টটি দেওয়ার পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এ বিষয়ে আর কোনো আলোচনা করেননি। তবে আগের বৈঠকগুলোতে বিষয়টি উত্থাপিত হয়েছিল।

তিনি বলেন, সৌদি আরব যদি আব্রাহাম অ্যাকর্ডসে যোগ না দেয়, তাহলে চুক্তিটি বাস্তবায়ন হবে না।

এর একদিন আগে মার্কিন জ্বালানি মন্ত্রণালয় ঘোষণা দেয়, ওয়াশিংটন ও রিয়াদ শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা এবং বেসামরিক পারমাণবিক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদি অংশীদারত্বের ভিত্তিতে একটি চুক্তি ও পৃথক নিরাপত্তা সমঝোতায় পৌঁছেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিটি কার্যকর করতে মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে।

মার্কিন গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এই চুক্তি কার্যকর হলে সৌদি আরব বিদেশ থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম আমদানির পরিবর্তে নিজ দেশে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পাবে।

বিশ্লেষকদের মতে, এটি বিদেশে বেসামরিক পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত। কারণ এতদিন যেসব দেশের নিজস্ব সমৃদ্ধকরণ প্রযুক্তি ছিল না, তাদের কাছে এ ধরনের প্রযুক্তি হস্তান্তরের বিরোধিতা করে এসেছে ওয়াশিংটন।

এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র-সৌদি পরিকল্পনার বিষয়ে অবগত থাকলেও এখনো পরিদর্শন বা তদারকির জন্য কোনো আনুষ্ঠানিক অনুরোধ পায়নি।

আইএইএ এক বিবৃতিতে বলেছে, “যাচাই-সংক্রান্ত অনুরোধ পাওয়ার পর যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সঙ্গে কাজ করে প্রয়োজনীয় তদারকি নিশ্চিত করতে আমরা প্রস্তুত।”

উল্লেখ্য, ট্রাম্পের প্রথম মেয়াদে ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। পরে মরক্কোও এতে যোগ দেয়। সুদান চুক্তিতে স্বাক্ষর করলেও এখনো আনুষ্ঠানিক অনুমোদন দেয়নি।

সূত্র: আল জাজিরা।