সারাবিশ্ব

আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য ৯৫ হাজার টাকার পিজ্জা পাঠালেন নাগাল্যান্ডের যুবক


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১০:৫৭ এএম

আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য ৯৫ হাজার টাকার পিজ্জা পাঠালেন নাগাল্যান্ডের যুবক
ছবিঃ সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে থাকা নাগাল্যান্ডের এক যুবক ৯৫ হাজার টাকা মূল্যের পিজ্জা পাঠিয়েছেন। তার এই মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

নাগাল্যান্ডের বাসিন্দা জা-লহৌ অনলাইনে ডমিনোজ থেকে ১৫০টি ‘চিজ বার্স্ট’ পিজ্জা অর্ডার করে সরাসরি আন্দোলনস্থলে পাঠান। এসব পিজ্জার জন্য তার মোট ব্যয় হয় ৬৭ হাজার ৭৩৪ রুপি ১৮ পয়সা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৫ হাজার টাকার সমান।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জা-লহৌ জানান, গত ২২ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে তিনি অর্ডারটি করেন। সাধারণ পিজ্জার পরিবর্তে তিনি অতিরিক্ত চিজযুক্ত ‘কোরিয়ান সুইট চিলি চিজ বার্স্ট’ এবং ‘ফার্মহাউস চিজ বার্স্ট’ বেছে নেন।

পিজ্জা সরবরাহের ছবি ও বিল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এটিকে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতির ব্যতিক্রমী উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

পোস্টে জা-লহৌ লিখেছেন, “আমি নাগাল্যান্ডে বসে আছি, আর হাজারো শিক্ষার্থী যন্তর মন্তরে নিজেদের ভবিষ্যৎ ও একটি ন্যায্য শিক্ষা ব্যবস্থার দাবিতে আন্দোলন করছে। আমি তাদের পাশে সরাসরি থাকতে পারিনি। তাই এটুকুই আমার পক্ষ থেকে করার চেষ্টা।”

তিনি আরও জানান, খাবার পৌঁছে দিতে গিয়ে ডমিনোজের ডেলিভারি কর্মী যখন জানতে চান, কার হাতে অর্ডারটি তুলে দেবেন, তখন তিনি বলেন, “যে এখনো কিছু খায়নি, তার হাতেই দিয়ে দিন।”

জা-লহৌ বলেন, এই ঘটনা তিনি প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে প্রকাশ করেননি। বরং তার আশা, এটি দেখে অন্যরাও নিজেদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত হবেন।

পরে ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য তিনি অতিরিক্ত প্রায় ৫ হাজার টাকার বিস্কুটও পাঠিয়েছেন।