সারাবিশ্ব
গাজার শিশুদের আঁকা ছবি অফিসে রাখি, যেন ভুলে না যাই: স্পেনের প্রধানমন্ত্রী
গাজার শিশুদের দুর্ভোগ ও মানবিক সংকট যেন কখনোই ভুলে না যান এই লক্ষ্যেই তাদের আঁকা একটি ছবি নিজের কার্যালয়ে সংরক্ষণ করে রেখেছেন পেদ্রো সানচেজ।
তিনি জানিয়েছেন, গাজার শিশুদের তৈরি সেই ছবিটি প্রতিদিন তাকে সেখানকার মানুষের অসহনীয় কষ্ট ও চলমান মানবিক বিপর্যয়ের কথা মনে করিয়ে দেয়। এই প্রতীকী উদ্যোগের মাধ্যমে তিনি গাজার পরিস্থিতির প্রতি নিজের অবস্থান আরও স্পষ্টভাবে তুলে ধরতে চান।
স্পেনের প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে গাজায় ইসরাইলি আগ্রাসন ও সহিংসতার কঠোর সমালোচনা করে আসছেন। তিনি বারবার স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন এবং বেসামরিক মানুষের দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি, গাজায় মানবিক সহায়তা জোরদার করার পক্ষেও তার অবস্থান সুস্পষ্ট।
এর আগে, ২০২৪ সালের মে মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি, যা গাজা ইস্যুতে তার দৃঢ় অবস্থানেরই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।