সারাবিশ্ব
মোদির ‘কুরুচিকর’ পোস্টার বিতর্কে শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ, গ্রেফতারের দাবি বিজেপির
কলকাতায় শিক্ষার্থীদের আন্দোলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ‘কুরুচিকর’ ছবি সংবলিত পোস্টার হাতে দেখা যাওয়ার অভিযোগে টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে একাধিক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে পোস্টারটি না দেখেই হাতে নিয়েছিলেন বলে দাবি করেছেন অভিনেত্রী।
গত ২৪ জুলাই সর্বভারতীয় নিট পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্ক এবং তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কলকাতায় আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আন্দোলনের সময় একটি পোস্টার হাতে নিয়ে তার তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিতর্কের সৃষ্টি হয়।
অভিযোগে বলা হয়েছে, ওই পোস্টারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি কুরুচিকর ও অসম্মানজনক ছবি ছিল। এ ঘটনায় বিজেপি নেত্রী কেয়া ঘোষ আনন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। একই ধরনের অভিযোগ বিধাননগর সাইবার ক্রাইম থানাসহ রাজ্যের আরও কয়েকটি থানায় জমা পড়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিক অনুসন্ধান শেষে এফআইআর দায়েরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযোগগুলো ভারতীয় ন্যায় সংহিতার ৩৫২, ৩৫৩ ও ৩৫৬ ধারায় জমা হয়েছে।
এদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে শ্রীলেখা মিত্র বলেন, তিনি ইচ্ছাকৃতভাবে ওই পোস্টার হাতে নেননি। আন্দোলনের সময় তার কাছে দৃষ্টিশক্তির জন্য প্রয়োজনীয় চশমা ছিল না এবং ভিড় ও বিশৃঙ্খলার মধ্যে পোস্টারটি ভালোভাবে দেখার সুযোগ পাননি।
তিনি আরও দাবি করেন, পুলিশি লাঠিচার্জের মধ্যে তড়িঘড়ি করে ছবিটি তোলা হয়েছিল। ফলে পোস্টারে কী ধরনের ছবি ছিল, তা তিনি খেয়ালই করেননি।
অন্যদিকে শ্রীলেখার এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে বিজেপি। বিজেপি নেত্রী কেয়া ঘোষ বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে এমন কুরুচিকর ছবি প্রদর্শন গ্রহণযোগ্য নয়। তিনি শ্রীলেখার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত গ্রেফতারের দাবি জানান। একই সঙ্গে প্রয়োজন হলে আদালতের শরণাপন্ন হওয়ারও ঘোষণা দেন।
সূত্র: আনন্দবাজার অনলাইন।