সারাবিশ্ব

জর্ডানে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১১:০২ এএম

জর্ডানে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলা
ছবি: সংগৃহীত

জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় শক্তিশালী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার পরিচালিত এ হামলার পর কেশম, কিশ, বন্দর আব্বাস, আবাদান ও বুশেহর এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার প্রতিক্রিয়াতেই এই সামরিক অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন।

এদিকে, ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটির সরকার। ইরাকের জনপ্রিয় প্রতিরোধ বাহিনী জানিয়েছে, ওই হামলায় তাদের অন্তত ২০ যোদ্ধা নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরাকে পরিচালিত ওই হামলায় ইরানের চারজন সামরিক উপদেষ্টাও নিহত হয়েছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত এক ডজন মানুষ।