সারাবিশ্ব

মোদিকে নিয়ে মন্তব্যের অভিযোগে ২৫ বছর বয়সী আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৮ এএম

মোদিকে নিয়ে মন্তব্যের অভিযোগে ২৫ বছর বয়সী আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা
ছবিঃ সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কথিত আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ২৫ বছর বয়সী আন্দোলনকারী রুচিকা সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ‘ককরোচ জনতা পার্টি’ আয়োজিত এক বিক্ষোভে অংশ নিয়ে তিনি ওই মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ২৩ জুলাই নয়াদিল্লির যন্তর মন্তরে অনুষ্ঠিত বিক্ষোভে রুচিকা সিংয়ের বক্তব্যকে কেন্দ্র করে বুধবার আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগে বলা হয়েছে, তার মন্তব্য প্রধানমন্ত্রীর পদের মর্যাদা ক্ষুণ্ন করেছে এবং জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা সৃষ্টি করেছে। এ ঘটনায় প্রথমে নয়ডার এক্সপ্রেসওয়ে থানায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) বিভিন্ন ধারায় একটি ‘জিরো এফআইআর’ দায়ের করা হয়। পরে তদন্তের জন্য মামলাটি দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস বলেন, আন্দোলনকারীর ব্যবহৃত ভাষা অনুচিত হতে পারে, তবে এ ধরনের ঘটনায় পুলিশি ব্যবস্থা নেওয়া সমীচীন নয়। তার মতে, প্রয়োজনে নাগরিক বা ফৌজদারি মানহানির মামলা করা যেতে পারে, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে আন্দোলনকারীদের দমন করলে তরুণদের মতপ্রকাশের স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে তিনি আন্দোলনকারীদের ভাষা ব্যবহারে আরও সংযত হওয়ার আহ্বান জানান।

অন্যদিকে দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী আশীষ সুদ বলেন, সরকার শিক্ষার্থীদের স্বার্থের পক্ষে রয়েছে এবং তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে না। তবে আন্দোলনের আড়ালে কেউ সহিংসতা বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।