সারাবিশ্ব
ইউক্রেনকে প্যাট্রিয়ট মিসাইল তৈরির প্রযুক্তি দেওয়া হবে না: ট্রাম্প
ইউক্রেনকে দেশটির অভ্যন্তরে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির জন্য যুক্তরাষ্ট্রের প্রযুক্তি হস্তান্তরে আপত্তি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উন্নত সামরিক প্রযুক্তি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও ব্যবহার হতে পারে—এমন আশঙ্কার কথা উল্লেখ করে তিনি এ অবস্থান জানান।
জুলাইয়ের শুরুতে তুরস্কে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরির বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছিলেন ট্রাম্প। তবে গত সপ্তাহে হোয়াইট হাউসে অনুষ্ঠিত আরেক বৈঠকে তিনি সেই অবস্থান থেকে সরে আসেন।
বৃহস্পতিবার মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে ব্যাখ্যা দেন ট্রাম্প।
তিনি বলেন, “এটি একটি বড় সিদ্ধান্ত। প্রেসিডেন্ট জেলেনস্কি কিছু প্যাট্রিয়ট এবং কিছু টমাহক ক্ষেপণাস্ত্র চান। একটি প্রতিরক্ষামূলক, অন্যটি আক্রমণাত্মক। এ ধরনের বিষয়ে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হয়।”
ট্রাম্প আরও বলেন, “আমরা এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি। কিন্তু এত উন্নত প্রযুক্তি অন্য দেশের কাছে হস্তান্তর করা খুব কঠিন। আন্তর্জাতিক রাজনীতিতে এমন অনেক উদাহরণ আছে, যেখানে একসময় মিত্ররাও প্রতিপক্ষ হয়ে গেছে।”
সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার দূর, মাঝারি ও স্বল্প পাল্লার ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বেড়েছে। এসব হামলা প্রতিহত করতে ইউক্রেন বর্তমানে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে।
তবে প্যাট্রিয়ট ব্যবস্থার জন্য প্রয়োজনীয় পিএসি-৩ (PAC-3) ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতির কারণে ইউক্রেন দীর্ঘদিন ধরে নিজ দেশে এ প্রযুক্তি উৎপাদনের অনুমতি চেয়ে আসছে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো কোনো অনুমোদন দেয়নি।
সূত্র: রয়টার্স