সারাবিশ্ব

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্তে সব আরোহী নিহত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৯:১৩ এএম

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্তে সব আরোহী নিহত
ছবিঃ সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে পর্যটকদের বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা ১৩ জনের সবাই নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম ও দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

গতকাল শনিবার (০১ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১টার দিকে পুয়েবলো ভিয়েহো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর আগে বিমানটি পেরুর পিসকো বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, সেসনা ক্যারাভান সি-২০৮ মডেলের বিমানটি শনিবার (১ আগস্ট) জনপ্রিয় পর্যটনকেন্দ্র নাজকা লাইনসের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয়। বিমানে ১১ জন যাত্রী এবং দুইজন পাইলট ছিলেন।

পেরুর রাষ্ট্রীয় বার্তাসংস্থা জানিয়েছে, নিহত যাত্রীদের মধ্যে দুইজন জার্মান, দুইজন স্প্যানিশ এবং সাতজন ইতালীয় পর্যটক ছিলেন। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

দক্ষিণ পেরুর নাজকা লাইনস ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং দেশটির অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। মরুভূমির বালুর ওপর আঁকা প্রাচীন প্রাণীর বিশাল আকৃতির নকশাগুলো দেখতে পর্যটকেরা প্রায়ই ছোট বিমানে আকাশপথে ভ্রমণ করেন।

বার্তাসংস্থা এএফপির বরাতে পুলিশ কর্মকর্তা হোর্হে আন্দ্রাদে বলেন, ‘দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে কেউ বেঁচে নেই। এখন পর্যন্ত চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে।’

এর আগে, ২০২২ সালে নাজকা লাইনস এলাকার উপর দিয়ে যাওয়ার সময় আরেকটি ছোট পর্যটক বিমান বিধ্বস্ত হয়ে এর আরোহী সাতজন নিহত হন। এছাড়াও ২০১০ সালে, ওই স্থানের উপর একটি পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়ে এর আরোহী ছয়জন নিহত হন। 

সূত্র : বিবিসি