সারাবিশ্ব

বিমানে ঘুমন্ত নারীর কম্বলের ভেতরে হাত ঢুকিয়ে বিপাকে পাকিস্তানি যুবক


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৮:০৪ পিএম

বিমানে ঘুমন্ত নারীর কম্বলের ভেতরে হাত ঢুকিয়ে বিপাকে পাকিস্তানি যুবক
ছবি: সংগৃহীত

দুবাই থেকে ব্যাংককগামী একটি উড়োজাহাজে ঘুমন্ত নারী যাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক পাকিস্তানি যুবককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন থাইল্যান্ডের আদালত। পাশাপাশি তাকে ১ লাখ ২০ হাজার বাত জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে থাইল্যান্ডে প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্যাংকক পোস্ট।

ভুক্তভোগী নারী বিউট অর্ননিচা গত ৩ আগস্ট নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পুরো ঘটনার বর্ণনা দেন। তিনি জানান, চার বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে ওই ফ্লাইটে ভ্রমণ করছিলেন তিনি।

ঘটনার শুরুতে তিনি লক্ষ্য করেন, তার পাশের আসনে বসা এক পাকিস্তানি যাত্রী তার আসনের ওপর হাত রেখেছেন। বিষয়টি অস্বাভাবিক মনে হলেও তখন গুরুত্ব দেননি তিনি। পরে মেয়ের পাশে ঘুমিয়ে পড়েন।

ঘুম থেকে জেগে তিনি অনুভব করেন, ওই ব্যক্তির হাত তার শরীরের সংবেদনশীল স্থানে স্পর্শ করছে। তখন তিনি কম্বলে ঢাকা ছিলেন। প্রথমে বিষয়টি ভুল ধারণা মনে হলেও পরে সন্দেহ নিশ্চিত হয় বলে জানান তিনি।

নারীর ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি তার দিকে তাকিয়ে ছিলেন এবং ইন-ফ্লাইট স্ক্রিন নিয়েও অস্বাভাবিক আচরণ করছিলেন। ফ্লাইটে ওঠার আগে ঘুমের ওষুধ গ্রহণ করায় তিনি গভীর ঘুমে ছিলেন বলেও জানান। তার ধারণা, তিনি ঘুমিয়ে থাকার সময় থেকেই ওই ব্যক্তি তাকে স্পর্শ করা শুরু করেন।

বিমান অবতরণের প্রায় দেড় ঘণ্টা আগে তিনি ফ্লাইট অ্যাটেনডেন্টকে বিষয়টি জানান। পরে অভিযুক্ত যাত্রীর সঙ্গে কথা বললে তিনি ঘটনার কথা স্বীকার করেন বলে দাবি করেন ভুক্তভোগী। এরপর অভিযুক্ত যুবক বারবার ক্ষমা চাইলেও বিষয়টি মীমাংসা না করে ব্যাংককে অবতরণের পর পুলিশে অভিযোগ করেন ওই নারী।

পরবর্তীতে ৫ আগস্ট দেওয়া এক আপডেটে তিনি জানান, থাইল্যান্ডের ট্যুরিস্ট পুলিশ অভিযুক্তকে তিন বছরের কারাদণ্ড ও ১ লাখ ২০ হাজার বাত জরিমানার তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে তার বিরুদ্ধে থাইল্যান্ডে পুনঃপ্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।