সারাবিশ্ব

সারা বিশ্বকে এক করলেও তোমার কোনো লাভ হবে না: সৌদিকে ইয়েমেনের হুঁশিয়ারি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১২:০৯ পিএম

সারা বিশ্বকে এক করলেও তোমার কোনো লাভ হবে না: সৌদিকে ইয়েমেনের হুঁশিয়ারি
ছবিঃ সংগৃহীত

সৌদি আরবকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল-মাশাত। পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, সৌদি আরব সমগ্র বিশ্বকে একত্র করলেও তাতে কোনো লাভ হবে না।

মাহদি আল-মাশাত বলেন, এ ধরনের প্রতিরক্ষা চুক্তি চলমান পরিস্থিতির ওপর কোনো প্রভাব ফেলবে না। তিনি দাবি করেন, ইয়েমেনের ওপর অবরোধ ও আগ্রাসনের বিরুদ্ধে তাদের অবস্থান অব্যাহত থাকবে এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ‘অবরোধের বদলে অবরোধের’ সমীকরণ বহাল থাকবে।

তিনি আরও বলেন, সৌদি আরবের নেতৃত্বে ইয়েমেনের বিরুদ্ধে চলমান আগ্রাসন ও দীর্ঘদিনের অবরোধে যারা অংশ নিতে চায়, তাদেরও আগ্রাসী পক্ষ হিসেবে বিবেচনা করা হবে। কোনো অংশীদারিত্বকে ভিন্ন বা প্রতারণামূলক নামে আড়াল করা হলেও ইয়েমেনের অবস্থানের কোনো পরিবর্তন হবে না বলে সতর্ক করেন তিনি।

মাহদি আল-মাশাত বলেন, ন্যায্য ও সম্মানজনক শান্তি প্রতিষ্ঠা এবং সৌভ্রাতৃত্বের পথ বেছে নেওয়ার মূল্য যুদ্ধ ও আগ্রাসনের চেয়ে অনেক কম। তাঁর ভাষ্য, সংঘাতের পরিবর্তে শান্তিপূর্ণ সমাধানের পথ বেছে নেওয়াই সংশ্লিষ্ট সব পক্ষের জন্য বেশি লাভজনক।

এর আগে শুক্রবার সৌদি আরবের জেদ্দায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর তিন দেশ একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তিটির নাম দেওয়া হয়েছে ‘মক্কা সন্ধি’।

চুক্তিকে কেন্দ্র করে আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক সহযোগিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই ইয়েমেনের শীর্ষ নেতার এমন বক্তব্য নতুন করে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যকার উত্তেজনার বিষয়টি সামনে এনেছে।

সূত্র: পার্সটুডে