সারাবিশ্ব
ফিলিস্তিনের পাশে দাঁড়ানো পুরো মানবজাতির যৌথ দায়িত্ব: এরদোয়ান
ফিলিস্তিনের পাশে দাঁড়ানো মুসলিম বিশ্বসহ পুরো মানবজাতির যৌথ দায়িত্ব বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
বুধবার (১২ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আঙ্কারার প্রেসিডেন্সিয়াল প্যালেসে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক সব প্ল্যাটফর্মে তুরস্ক তার ভূমিকা অব্যাহত রাখবে।
তুর্কি প্রেসিডেন্ট অভিযোগ করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার দখলীকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে ধ্বংসের চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
জাতিসংঘের তথ্যের বরাত দিয়ে এরদোয়ান বলেন, ২০২৬ সালে দখলদারদের সহিংসতা, ঘরবাড়ি উচ্ছেদ ও ধ্বংসের কারণে প্রায় ৩ হাজার ৮০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। একই সময়ে প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এই পরিস্থিতিকে ‘পদ্ধতিগত দখলদারিত্ব’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টি করে আন্তর্জাতিক অঙ্গন থেকে ফিলিস্তিন ইস্যু আড়ালে নেওয়ার চেষ্টা করা হলেও তা সফল হবে না।
এরদোয়ান আরও বলেন, ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে তুরস্কের অবস্থান অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি গাজার পুনর্গঠন দ্রুত শুরু করা এবং আল-আকসা মসজিদসহ পবিত্র স্থানগুলোর বিদ্যমান স্থিতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ ছাড়া ফিলিস্তিনে আইনসভা ও প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের সিদ্ধান্তকেও স্বাগত জানান তুরস্কের প্রেসিডেন্ট।
সূত্র: আনাদোলু এজেন্সি