সারাবিশ্ব

ইরান খুব দুষ্ট, মার্কিনিদের বেশি দামে তেল কিনতে হবে: ট্রাম্প


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৭:০০ পিএম

ইরান খুব দুষ্ট, মার্কিনিদের বেশি দামে তেল কিনতে হবে: ট্রাম্প
ছবিঃ সংগৃহীত

ইরানকে ‘খুব দুষ্ট’ দেশ হিসেবে আখ্যায়িত করে দেশটির সঙ্গে চলমান সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জ্বালানির উচ্চমূল্যের জন্য প্রস্তুত থাকতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করার জন্য জ্বালানির বাড়তি মূল্য বৃহত্তর নিরাপত্তার স্বার্থে মেনে নিতে হবে।

গতকাল শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কের গার্ডেন সিটিতে এক রাজনৈতিক সমাবেশে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, চলমান যুদ্ধের কারণে জ্বালানির দাম বাড়তে পারে। তবে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হলে এই অতিরিক্ত ব্যয় মেনে নেওয়া প্রয়োজন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এখনো কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচলও বন্ধ রয়েছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা সংঘাত অবসানের দিকে এগোচ্ছে—এমন কোনো স্পষ্ট লক্ষণও দেখা যাচ্ছে না।

এদিকে শনিবার (১৫ আগস্ট) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, হরমুজ প্রণালি ইরানের সিদ্ধান্ত অনুযায়ীই খোলা বা বন্ধ হবে। তিনি দাবি করেন, ইরানের ওপর আরোপিত অবরোধ ও চাপ অব্যাহত থাকলে তেহরানও প্রণালিটি বন্ধ রাখার পদক্ষেপ অব্যাহত রাখবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি তেহরান। শনিবার ইরানি সংবাদমাধ্যম শহরারা নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালিতে নৌযান চলাচল পুনরায় স্বাভাবিক করতে হলে ওয়াশিংটনকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হতো। ফলে প্রণালিতে নৌযান চলাচল বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।