সারাবিশ্ব
যুদ্ধে ২০০টির বেশি ‘শত্রু বিমান’ ভূপাতিতের দাবি আইআরজিসির
চলমান যুদ্ধে ২০০টিরও বেশি ‘শত্রু বিমান’ ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বাহিনীটির ডেপুটি কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল মোস্তফা ইজাদি এ দাবি করেছেন।
ইজাদি বলেন, ইরানের সামরিক পদক্ষেপের পাশাপাশি জনগণের ‘মূল্যবান আন্দোলন’ এবং সফট ও কগনিটিভ ডোমেইনে নেওয়া বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় ২০০টির বেশি শত্রু বিমান ভূপাতিত করা হয়েছে। তার দাবি, এসব কর্মকাণ্ডের প্রভাব আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়েও পড়েছে।
চলমান সংঘাতকে ‘হাইব্রিড যুদ্ধ’ হিসেবে উল্লেখ করে ইজাদি বলেন, ইরানের প্রতিপক্ষরা সামরিক অভিযানের পাশাপাশি দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।
আইআরজিসির এই শীর্ষ কর্মকর্তা ইরানের রাজনৈতিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে কিংবা দেশটি বিভক্ত হয়ে গেছে—এমন দাবিও প্রত্যাখ্যান করেন।
তিনি বলেন, ইরান বিভক্ত হয়নি এবং দেশটির ইসলামিক ব্যবস্থা দুর্বলও হয়নি। বরং তার দাবি, ইরানের ইসলামিক রিপাবলিক আগের তুলনায় আরও শক্তিশালী ও দৃঢ় অবস্থান প্রদর্শন করেছে।
তবে ইজাদির ২০০টির বেশি ‘শত্রু বিমান’ ভূপাতিত করার দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে এটি ইরানের সামরিক নেতৃত্বের পক্ষ থেকে করা একটি দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।
সূত্র: আল-জাজিরা