সারাবিশ্ব
তৃতীয় সন্তানেও এক বছরের মাতৃত্বকালীন ছুটি দেবে তামিলনাড়ুর সরকার
সরকারি চাকরিজীবী নারীদের জন্য বড় ধরনের সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের তামিলনাড়ুর রাজ্য সরকার। নতুন নীতি অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় সন্তানের পাশাপাশি তৃতীয় সন্তানের ক্ষেত্রেও সরকারি নারী কর্মচারীরা ৩৬৫ দিন বা এক বছর পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি পাবেন।
এতদিন তামিলনাড়ুতে তৃতীয় সন্তানের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ছিল ১২ সপ্তাহ বা ৮৪ দিন। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়—তিন সন্তানের ক্ষেত্রেই সরকারি নারী কর্মচারীরা সমানভাবে এক বছরের মাতৃত্বকালীন ছুটি পাওয়ার সুযোগ পাবেন।
সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তকে নারী কল্যাণ ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরা হয়েছে। তবে তৃতীয় সন্তানের জন্যও এক বছরের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মূল বিরোধী দল ডিএমকেসহ রাজনৈতিক মহলের একাংশ এ সিদ্ধান্তের সমালোচনা করেছে। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তামিলনাড়ুতে পরিবার পরিকল্পনা ও ছোট পরিবারের বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। তৃতীয় সন্তানের ক্ষেত্রেও সমান মেয়াদের মাতৃত্বকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত সেই প্রচারের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।
বিধায়কদের জন্যও বাড়ছে সুবিধা
মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি রাজ্যের ২৩৪ জন বিধায়কের জনসেবামূলক কার্যক্রম ও উন্নয়ন প্রকল্প তদারকির সুবিধা বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছে সরকার।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রত্যেক বিধায়ককে নিজ নির্বাচনী এলাকায় যাতায়াত, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ এবং উন্নয়ন প্রকল্প পরিদর্শনের জন্য একটি করে সরকারি গাড়ি দেওয়া হবে। গাড়ির রক্ষণাবেক্ষণ, জ্বালানি ও চালকের বেতন বাবদ প্রত্যেক বিধায়ককে প্রতি মাসে ৭৫ হাজার রুপি বিশেষ ভাতাও দেওয়া হবে।
এ ছাড়া দাপ্তরিক চিঠিপত্র আদান-প্রদান, আবেদনপত্র গ্রহণ এবং কার্যালয়ের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য একজন করে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা সচিব নিয়োগে বিধায়কদের মাসে আরও ২৫ হাজার রুপি ভাতা দেওয়া হবে।
সরকারের দাবি, বর্তমান বিধানসভায় বেশ কয়েকজন তরুণ ও প্রথমবার নির্বাচিত বিধায়ক রয়েছেন, যাদের আর্থিক সামর্থ্য সীমিত। নির্বাচনী এলাকায় সরাসরি গিয়ে সাধারণ মানুষের সেবা এবং উন্নয়ন কার্যক্রম তদারকি আরও কার্যকর করতেই এসব সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে।