সারাবিশ্ব

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১০:১০ এএম

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির
ছবি: সংগৃহীত

সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলোর গুরুত্বপূর্ণ অংশ এখনও বাস্তবায়ন না হওয়ায় ভারতে ফের দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

পরবর্তী কর্মসূচি নির্ধারণে সোমবার (২৪ আগস্ট) দলটির জাতীয় ওয়ার্কিং কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সিজেপির অভিযোগ, এর আগে আন্দোলন স্থগিত করার সময় সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তার বেশিরভাগই এখনও পূরণ হয়নি। বিশেষ করে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের লিখিত প্রতিশ্রুতি দেওয়ার বিষয়গুলো এখনও ঝুলে রয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করতেই সোমবার জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছে সিজেপি। বৈঠকে পরবর্তী কর্মসূচি নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার (২৩ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে দলটি জানায়, সরকারকে প্রতিশ্রুতি বাস্তবায়নে বাধ্য করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা হবে। এর মধ্যে দেশজুড়ে ফের শান্তিপূর্ণ আন্দোলন শুরুর বিষয়টিও রয়েছে।

এ পরিস্থিতিতে শিক্ষার্থী, তরুণ ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে সিজেপি। এর আগে সরকারি আশ্বাসের ভিত্তিতে গত ২৫ জুলাই দলটি তাদের প্রাথমিক আন্দোলন স্থগিত করেছিল। তবে পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে নতুন করে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হলো।

দলটির নেতাদের দাবি, গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত একটি শুনানিকে কেন্দ্র করে নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো নিষ্পত্তিতে আদালত বারবার সরকারের সহযোগিতা চাইলেও প্রত্যাশিত অগ্রগতি হয়নি বলে অভিযোগ সিজেপির।

সিজেপির ভাষ্য অনুযায়ী, দেশজুড়ে শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআরের একটি সমন্বিত তালিকা দিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে তিনবার নির্দেশ দিয়েছে। ওই তালিকার ভিত্তিতে সংবিধানের ১৪২ অনুচ্ছেদে দেওয়া বিশেষ ক্ষমতা প্রয়োগ করে আদালত একসঙ্গে মামলাগুলো বাতিল করতে পারে।

তবে আদালতের নির্দেশের পরও সরকার ওই তালিকা জমা দেওয়ার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি বলে দাবি করেছে দলটি। সিজেপি আরও জানিয়েছে, তাদের প্রাথমিক আন্দোলনের ফলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ হলেও আন্দোলন সংশ্লিষ্ট আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি এখনও পূরণ হয়নি।

দলটির দাবিগুলোর মধ্যে রয়েছে আন্দোলন সংশ্লিষ্ট সব এফআইআর প্রত্যাহার বা বাতিল, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য সম্মানজনক ক্ষতিপূরণের লিখিত নিশ্চয়তা। এসব বিষয়ে সরকারের প্রতিনিধিদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি বলেও অভিযোগ করেছে সিজেপি।

সিজেপি বলেছে, আগের আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত ছিল তাদের সদিচ্ছার বহিঃপ্রকাশ। তবে সেই সদিচ্ছাকে দুর্বলতা হিসেবে দেখলে পরিস্থিতি ভিন্ন হতে পারে বলে সতর্ক করেছে দলটি। প্রতিশ্রুতি পূরণ না হলে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারের ওপর চাপ বাড়ানোর ইঙ্গিত দিয়েছে তারা।