সারাবিশ্ব
চার পায়ে ২৯ আঙুল, বিশ্বের সবচেয়ে বেশি আঙুলের বিড়াল ইরেবাস
সাধারণত একটি বিড়ালের চার পায়ে মোট ১৮টি আঙুল থাকে। তবে যুক্তরাষ্ট্রের উইসকনসিনে থাকা মেইন কুন জাতের একটি বিড়ালের চার পায়ে রয়েছে ২৯টি আঙুল। বিরল এই বৈশিষ্ট্যের কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নতুন রেকর্ড গড়েছে বিড়ালটি।
বিড়ালটির নাম ইরেবাস অ্যানোমালি। এর মালিক মার্কিন দম্পতি কেন্ড্রা ভ্যানডেনব্লুমার ও হান্টার নেট। পরীক্ষা-নিরীক্ষার পর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ ইরেবাসের চার পায়ে মোট ২৯টি আঙুল থাকার বিষয়টি নিশ্চিত করেছে।
ইরেবাসের পায়ে সাধারণ বিড়ালের তুলনায় ১১টি আঙুল বেশি। এ কারণে তার থাবাগুলোও তুলনামূলকভাবে বড় ও ভিন্ন আকৃতির। তবে অতিরিক্ত আঙুল থাকা সত্ত্বেও হাঁটাচলা বা স্বাভাবিক জীবনযাপনে কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন মালিকেরা।
জন্মগতভাবে স্বাভাবিকের চেয়ে বেশি আঙুল থাকার এই বৈশিষ্ট্যকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় পলিড্যাক্টিলি বলা হয়। মেইন কুন জাতের বিড়ালের মধ্যে এমন বৈশিষ্ট্য দেখা গেলেও চার পায়ে মোট ২৯টি আঙুল থাকা অত্যন্ত বিরল।
ইরেবাসের আগে সবচেয়ে বেশি আঙুলওয়ালা বিড়ালের রেকর্ড ছিল ২৮টি। ২০০২ সালে কানাডার জেক নামের একটি বিড়াল এই রেকর্ড গড়ে। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের মিশিগানের টোবি নামের আরেকটি বিড়ালও ২৮টি আঙুল নিয়ে সেই রেকর্ডে ভাগ বসায়।
তবে এবার একটি অতিরিক্ত আঙুল নিয়ে আগের দুই রেকর্ডধারীকে ছাড়িয়ে গেছে ইরেবাস। ফলে ২৯টি আঙুল নিয়ে বিশ্বের সবচেয়ে বেশি আঙুলওয়ালা বিড়ালের নতুন একক রেকর্ড গড়েছে এটি।
ইরেবাসের মালিক কেন্ড্রা ভ্যানডেনব্লুমার ও হান্টার নেট মেইন কুন জাতের বিড়াল প্রজননের ব্যবসার সঙ্গে যুক্ত। তাদের প্রতিষ্ঠান ‘ব্লু নর্দার্ন মেইন কুনস’। মালিকেরা জানান, জন্মের পর থেকেই ইরেবাসের পায়ের অস্বাভাবিক গঠন দেখে তাঁদের ধারণা হয়েছিল, বিড়ালটি একদিন হয়তো নতুন কোনো রেকর্ড গড়তে পারে।
শেষ পর্যন্ত সেই ধারণাই সত্যি হয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পাওয়ার মাধ্যমে ২৯টি আঙুল নিয়ে বিশ্বের সবচেয়ে বেশি আঙুলওয়ালা বিড়ালের নতুন রেকর্ডধারী হয়েছে ইরেবাস।