সারাবিশ্ব

পাকিস্তানের পর এবার ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে চায় কুয়েত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৬:২৪ পিএম

পাকিস্তানের পর এবার ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে চায় কুয়েত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করার পর এবার ভারতের সঙ্গেও একই খাতে বিস্তৃত চুক্তি করতে আগ্রহ দেখিয়েছে কুয়েত। এ বিষয়ে শুক্রবার নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কুয়েতের সামরিক বাহিনীর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়েছে।

বৈঠকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষে নেতৃত্ব দেন যুগ্ম সচিব অমিতাভ প্রসাদ। এ সময় তিন বাহিনীর প্রতিনিধি, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা, সশস্ত্র বাহিনীর চিকিৎসা সেবা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অন্যদিকে, কুয়েতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল রায়েদ আল সাক্রান। পাঁচ সদস্যের প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নিতে শুক্রবার নয়াদিল্লিতে আসে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে জানান, ২০২৪ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুয়েত সফরের সময় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। এবার সেই সমঝোতা স্মারককে আরও বিস্তৃত ও কার্যকর চুক্তিতে রূপ দিতে চায় উভয় দেশ।

তিনি জানান, প্রস্তাবিত চুক্তির চূড়ান্ত বিষয়বস্তু এখনো নির্ধারিত হয়নি। তবে শুক্রবারের বৈঠকে প্রশিক্ষণ, সামরিক মহড়া, সামরিক বাহিনীর জন্য প্রয়োজনীয় ওষুধ, প্রতিরক্ষা শিল্প এবং সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে গবেষণার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ইসলামাবাদে কুয়েত ও পাকিস্তানের মধ্যে ‘প্রটোকল এগ্রিমেন্ট ২০২৬’ নামে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই হয়।

চুক্তির পর কুয়েতের সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, প্রতিরক্ষা ও সামরিক ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোই এই চুক্তির মূল লক্ষ্য।

পাকিস্তানের সঙ্গে চুক্তির মাত্র একদিন পর ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে কুয়েতের এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: পিটিআই, ফার্স্টপোস্ট