সারাবিশ্ব
নেপালে ভয়াবহ বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, এখনও নিখোঁজ ২ হাজার ৩৬২
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর ব্যাপক প্রাণহানি ও নিখোঁজের ঘটনা ঘটেছে। দেশটির পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ৬৬৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো ২ হাজার ৩৬২ জন নিখোঁজ রয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) নেপাল পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফাল এ তথ্য জানান। দেশটির সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ১ হাজার ৮৬৩ জন নেপালি নাগরিক। তাদের মধ্যে ১ হাজার ৫৯১ জন পুরুষ ও ২৬৪ জন নারী। এছাড়া নিখোঁজ ৪৯৯ জন বিদেশি নাগরিকের মধ্যে ২২৩ জন পুরুষ ও ৩০০ জন নারী রয়েছেন।
উদ্ধার হওয়া মরদেহের মধ্যে ২৬৮ জন পুরুষ, ১৪৮ জন নারী, ২২ জন কিশোরী ও ২০ জন কিশোর রয়েছেন। এছাড়া ২১১টি আংশিক মানবদেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত শনাক্ত হওয়া ২০টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বন্যার পর থেকে চলমান উদ্ধার ও অনুসন্ধান অভিযানে ২ হাজার ৩০১ জন আহত বা বিপদগ্রস্ত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৫০৬ জন পুরুষ ও ৭৯৫ জন নারী।
প্রবল বন্যায় ঘরবাড়ি হারিয়ে নুয়াকোট জেলার নয়টি আশ্রয়কেন্দ্রে প্রায় ১ হাজার মানুষ অবস্থান করছেন। তবে ধাদিং জেলার আশ্রয়কেন্দ্রগুলোতে থাকা সব বাস্তুচ্যুত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং উদ্ধার হওয়া মরদেহ শনাক্ত করতে নেপালে এখনো ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।
সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট