সারাবিশ্ব

আটকের পর প্রথমবার প্রকাশ্যে নিকোলাস মাদুরোর ছবি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১০:৫৬ এএম

আটকের পর প্রথমবার প্রকাশ্যে নিকোলাস মাদুরোর ছবি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আটকের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দুটি ছবি। ছবিতে যুক্তরাষ্ট্রের একটি আটক কেন্দ্রে ধূসর রঙের পোশাক পরা অবস্থায় দেখা গেছে তাকে। একটি ছবিতে হাত তুলে শান্তির চিহ্নও দেখিয়েছেন তিনি। ছবিগুলো দেখে আটকের পর তার ওজন কমে যাওয়ার বিষয়টিও স্পষ্ট হয়েছে।

জানুয়ারিতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন বিশেষ বাহিনী আটক করে। পরে বিমানে করে তাদের যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। বর্তমানে নিউইয়র্কের ব্রুকলিনের একটি আটক কেন্দ্রে রয়েছেন তারা। মাদক পাচার ও অস্ত্র রাখার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। তবে মাদুরো ও তার স্ত্রী এসব অভিযোগ অস্বীকার করেছেন।

ছবি প্রকাশের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও টেলিগ্রামে স্প্যানিশ ভাষায় একটি বার্তাও দিয়েছেন মাদুরো। সেখানে সন্তান, নাতি-নাতনি এবং প্রিয়জনদের উদ্দেশে ছবিগুলোকে ছোট্ট উপহার হিসেবে উল্লেখ করেন তিনি।

মাদুরো বলেন, তারা দৃঢ় অবস্থানে রয়েছেন এবং স্বজন ও সমর্থকদের ভালোবাসায় তাদের হৃদয় পূর্ণ। ভেনেজুয়েলা আবার ঘুরে দাঁড়াবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে শান্ত, শক্ত ও আত্মবিশ্বাসী থাকার প্রত্যয় জানান।

রোববার ছবিগুলো প্রকাশ করা হলেও ছবিতে থাকা সময়ের তথ্য অনুযায়ী, এগুলো গত ২৫ জুন তোলা হয়েছিল। এর এক দিন আগে ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে পরপর দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে ৬ হাজার ৫০০-এর বেশি মানুষের মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ছবিগুলো সত্যিকারের কি না এবং সেগুলো প্রকাশের অনুমতি ছিল কি না, তা জানতে আটক কেন্দ্রটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে কোনো উত্তর পাওয়া যায়নি।

এদিকে মাদুরোর এই বার্তা এমন সময়ে প্রকাশ্যে এলো, যখন তার উত্তরসূরি ও অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ঘোষিত একটি ‘ঐতিহাসিক’ তেল চুক্তির দুই দিন পর বিষয়টি সামনে এসেছে। ওই চুক্তির আওতায় ভেনেজুয়েলার তেলক্ষেত্রে কাজ করার সুযোগ পাবে যুক্তরাষ্ট্র।

আটক কেন্দ্রে মাদুরোর সংবাদপত্র পড়া বা ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই। তবে পরিবার ও আইনজীবীদের সঙ্গে ফোনে কথা বলার অনুমতি রয়েছে তার। মাদুরোর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, মাসে প্রায় ৩০০ মিনিট ফোনে কথা বলার সুযোগ পান তিনি। তবে প্রতিটি ফোনকলে সর্বোচ্চ ১৫ মিনিট কথা বলতে পারেন।