সারাবিশ্ব
বাংলাদেশিদের জন্য এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা কমাচ্ছে মালয়েশিয়া
বাংলাদেশসহ ৩১টি দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। নতুন নীতির ফলে বাংলাদেশি পর্যটকদের ভিজিট ভিসায় এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগ কমে যাবে। সাধারণভাবে তাদের জন্য একবার প্রবেশের ভিসা প্রযোজ্য হবে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে সব দেশের নাগরিকদের জন্য ঢালাওভাবে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে না। দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকদের ভিজিট ভিসার ক্ষেত্রে এই সুবিধা বাতিল করে একবার প্রবেশের ভিসা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত দেশগুলোর তালিকাও প্রকাশ করেছে দেশটির অভিবাসন বিভাগ।
তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ব্যবসা, চিকিৎসা, বিমান ও নৌযাত্রার সমন্বিত ভ্রমণ এবং বিয়েকেন্দ্রিক পর্যটন।
নতুন এই নীতি মূলত ভিজিট ভিসা বা সামাজিক ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি বা অন্যান্য বিদেশি কর্মীদের কাজের অনুমতিপত্র কিংবা কর্মসংক্রান্ত ভিসার ওপর এর সরাসরি কোনো প্রভাব পড়বে না।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন ভিসা নীতির বিষয়টি জানানো হয়েছে।