সারাবিশ্ব

কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ, তদন্তে পুলিশ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৫ এএম

কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ, তদন্তে পুলিশ
ছবি: সংগৃহীত

জার্মানির কোলন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে একটি রোবট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় রোবটটি নিয়ন্ত্রণের অভিযোগে দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

পুলিশের অভিযোগ, লাল ও সোনালি রঙের রোবটটি ওই কিশোরীর নিতম্ব টেনে ধরে এবং তার দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করে। এ সময় কিশোরীটি চিৎকার করে সেখান থেকে সরে যায়।

নর্থ রাইন ওয়েস্টফালিয়া পুলিশের ধারণা, রোবটটির ১৬ বছর বয়সী মালিক এবং তার ১৯ বছর বয়সী এক সঙ্গী পুরো ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন। এ সময় তারা ঘটনা নিয়ে মন্তব্যও করছিলেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশের ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে বলা হয়, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কাছাকাছি সময়ে চার ফুট বা প্রায় ১২০ সেন্টিমিটার উচ্চতার রোবটটি পেছন থেকে হেঁটে এসে কিশোরী ও তার বন্ধুদের কাছে পৌঁছায়। শহরের কেন্দ্রস্থলের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জরুরি সেবা বিভাগে খবর দেওয়ার পরপরই ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে অভিযুক্ত দুই তরুণকে পাওয়া যায়। তাদের ব্যবহৃত একটি গাড়ির পেছনে লুকিয়ে রাখা অবস্থায় রোবটটি উদ্ধার করা হয়।

পুলিশ প্রকাশিত ছবিতে রোবটটির মুখে কালো গোঁফ আঁকা দেখা যায়। এ ছাড়া এর গলায় সোনালি চেইন এবং গায়ে সাদা গেঞ্জি ছিল।

রোবটটি ছাড়াও সন্দেহভাজন দুই তরুণের দুটি মুঠোফোন জব্দ করেছে পুলিশ। ঘটনার সময় কেউ ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পরে ফেসবুকে দেওয়া আরেকটি পোস্টে পুলিশ জানায়, এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্য সীমা ছাড়িয়ে যেতে পারে। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে এসব মন্তব্য ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে বলে সতর্ক করেছে পুলিশ।