সারাবিশ্ব

ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পিএম

ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আরব মুসলিম নাগরিকদের ভোট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী সপ্তাহের নির্বাচনে নেতানিয়াহু সরকারের পতন ঘটাতে বিপুলসংখ্যক আরব নাগরিককে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির আরব নেতারা।

ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ২১ শতাংশ আরব সংখ্যালঘু জনগোষ্ঠী। তাদের বড় অংশ ফিলিস্তিনি বংশোদ্ভূত মুসলিম হলেও তারা ইসরায়েলের নাগরিক। এই জনগোষ্ঠীর ভোটার উপস্থিতি বাড়লে দেশটির জটিল রাজনৈতিক সমীকরণ সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন নেতানিয়াহুবিরোধী জোটের পক্ষে যেতে পারে।

ইউনাইটেড আরব লিস্ট পার্টির প্রধান মনসুর আব্বাস এবং জয়েন্ট লিস্টের নেতা আহমেদ তিবি মনে করছেন, নতুন সরকার গঠনে আরব ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

নির্বাচনী জরিপ অনুযায়ী, ১২০ আসনের নেসেটে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট ৫২টি আসন পেতে পারে। অন্যদিকে, নেতানিয়াহুর ধর্মীয় জাতীয়তাবাদী জোট পেতে পারে ৫০টি আসন। মনসুর আব্বাসের দল পাঁচটি এবং যৌথ আরব জোট জয়েন্ট লিস্ট আটটি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আইজেনকোট আরব দলগুলোর সঙ্গে সরাসরি সরকার গঠনে অনীহা প্রকাশ করলেও মনসুর আব্বাস মনে করেন, নির্বাচনের পর রাজনৈতিক বাস্তবতা জোট গঠনের সম্ভাবনা তৈরি করতে পারে।

অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এবং পুলিশমন্ত্রী ইতামার বেন গভীরের চরমপন্থী অবস্থানের কারণে আরব ভোটারদের মধ্যে ভোটদানের আগ্রহ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। স্ট্যাট নেট গবেষণা প্রতিষ্ঠানের পূর্বাভাস অনুযায়ী, এবার আরবদের ভোটদানের হার বেড়ে ৬৩ শতাংশে পৌঁছাতে পারে। ২০২২ সালে এই হার ছিল ৫৬ শতাংশ।

আগামী ২৭ অক্টোবরের নির্বাচনকে নেতানিয়াহুর নেতৃত্বের ওপর গণভোট হিসেবে দেখা হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর এটিই দেশটিতে প্রথম নির্বাচন। ফলে এই নির্বাচনের ফলাফল ইসরায়েলের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

সূত্র: রয়টার্স