সারাবিশ্ব
ইসরায়েলের স্বাধীনতা দিবসে মশাল জ্বালাতে মোদিকে আমন্ত্রণ নেতানিয়াহুর
ইসরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার ২২ অক্টোবর ফোনে কথা বলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান নেতানিয়াহু।
নেতানিয়াহু লিখেছেন, ‘আমি আমার বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছি। ইসরায়েলের স্বাধীনতা দিবসে একজন সাহসী ভারতীয় পাইলটের সঙ্গে মশাল প্রজ্বালনের জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছি।’
তিনি আরও জানান, আমন্ত্রণের জন্য মোদি তাকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে স্থল ও আকাশপথে ভারত ও ইসরায়েল একসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে বলে উল্লেখ করেছেন মোদি। দুই দেশের মধ্যে কয়েক দশক ধরে বিদ্যমান শক্তিশালী সম্পর্কেরও প্রশংসা করেছেন তিনি।
অন্যদিকে, ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছ থেকে একটি ফোন পেয়েছি। ফোনালাপে আমরা ভারত ও ইসরায়েলের দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেছি এবং পারস্পরিক অংশীদারত্ব আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।’
একই সঙ্গে দুই নেতা পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন বলে জানান মোদি। এ অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর তারা গুরুত্ব দিয়েছেন বলেও উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী।