সারাবিশ্ব
স্বামীর আলিঙ্গনে ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, হাসপাতালে ভর্তি নারী
ভালোবাসার সাধারণ একটি আলিঙ্গন যে হাড় ভাঙার কারণ হতে পারে, তা হয়তো কল্পনাও করেননি চীনের এক দম্পতি। স্বামীর স্বাভাবিকভাবে জড়িয়ে ধরার পরই স্ত্রীর পাঁজরের পাঁচটি হাড় ভেঙে গেছে। ফাটল ধরেছে আরও একটি হাড়ে। এ ঘটনার পর চিকিৎসা পরীক্ষায় ওই নারীর শরীরে গুরুতর হাড়ক্ষয় রোগ শনাক্ত হয়েছে।
চীনের স্থানীয় সংবাদমাধ্যম ‘জিংসি লাইভ’-এর বরাতে জানা যায়, শীত লাগছে বলে স্ত্রী জানানোর পর তাকে উষ্ণতা দিতে জড়িয়ে ধরেন ওয়াং পদবির এক ব্যক্তি। কিন্তু আলিঙ্গনের সময়ই হাড় ভাঙার শব্দ শুনতে পান তিনি। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তীব্র ব্যথায় কাতর হয়ে ওই নারী মাটিতে বসে পড়েন।
স্বামীর দাবি, স্ত্রীকে জড়িয়ে ধরার সময় তিনি কোনো অতিরিক্ত শক্তি প্রয়োগ করেননি। স্বাভাবিকভাবেই আলিঙ্গন করেছিলেন। বিষয়টি এত গুরুতর হতে পারে, তা বুঝতে পারেননি তারা। ফলে সারা রাত অসহ্য যন্ত্রণা সহ্য করার পর পরদিন সকালে হাসপাতালে যান ওই দম্পতি।
হাসপাতালে বুকের সিটি স্ক্যান করার পর চিকিৎসকেরা দেখতে পান, ওই নারীর পাঁজরের পাঁচটি হাড় ভেঙে গেছে এবং ষষ্ঠ হাড়টিতে চিড় ধরেছে। চিকিৎসকদের মতে, হাড় অতিরিক্ত ভঙ্গুর হয়ে যাওয়ার পেছনে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয় রোগ দায়ী।
ওয়াং জানান, তার স্ত্রীর ওজন ৪৫ থেকে ৫০ কেজির মধ্যে। তিনি অতিরিক্ত ডায়েট করতেন এবং প্রায়ই রাতের খাবার বাদ দিতেন। পাশাপাশি সূর্যের আলোতেও তার খুব একটা যাওয়া হতো না। বাড়ি থেকে মাত্র দুই থেকে তিন মিনিটের দূরত্বে থাকা পারিবারিক দোকানেই তার বেশির ভাগ সময় কাটত।