সারাবিশ্ব
৪৯ আরোহী নিয়ে রাশিয়ায় বিমান বিধ্বস্ত, সবাই নিহত
রাশিয়ার পূর্বাঞ্চলে ৪৯ জন আরোহী নিয়ে একটি আন্তোনভ এএন-২৪ মডেলের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় সব আরোহী প্রাণ হারিয়েছেন বলে দেশটির গণমাধ্যম নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় সময় সকাল নাগাদ সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টাইন্ডা শহরে যাওয়ার পথে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
প্রাথমিকভাবে নিখোঁজ বলেই ধারণা করা হচ্ছিল। পরে রাশিয়ার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা জানায়, বিমানটির ধ্বংসাবশেষ আমুর অঞ্চলে খুঁজে পাওয়া গেছে।
আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ জানান, বিমানে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন। তবে রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় বলছে, মোট আরোহীর সংখ্যা ছিল ৪০ জন—এই তথ্যের মধ্যে কিছু পার্থক্য দেখা গেছে।
তাস নিউজ এজেন্সি জানিয়েছে, দৃশ্যমানতার অভাব ও পাইলটদের ভুল এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে প্রাথমিকভাবে বিবেচনা করা হচ্ছে।
ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও জরুরি সহায়তা বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাশিয়া ইতিমধ্যে নিহতদের পরিবারকে সহায়তা ও ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে।