সারাবিশ্ব
আলাস্কায় চুক্তি ছাড়াই শেষ হলো ট্রাম্প ও পুতিনের বৈঠক
চুক্তি বা বড় কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক। তবে আলোচনাকে দুই পক্ষই ইতিবাচক আখ্যা দিয়েছে। খবর—রয়টার্স।
যুক্তরাষ্ট্রের আলাস্কার অ্যাঙ্করেজ সামরিক ঘাঁটিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে তারা কোনো চুক্তি বা ঐকমত্যে পৌঁছাতে পারেননি। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “খুব ভালো সম্ভাবনা তৈরি হয়েছে।”
অন্যদিকে প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, বৈঠকে কিছু বিষয়ে উভয়পক্ষ একমত হয়েছেন, যা ভবিষ্যতে ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং যুক্তরাষ্ট্র–রাশিয়ার সম্পর্ক পুনরুদ্ধারের সূচনা হতে পারে। তার ভাষায়, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত উল্লেখযোগ্য সম্ভাবনাও তৈরি হয়েছে। তিনি আরও বলেন, “এই পথে হাঁটতে পারলে শিগগিরই ইউক্রেন যুদ্ধ বন্ধ সম্ভব।” তবে তিনি স্পষ্ট করে জানাননি, কোন কোন বিষয়ে ঐকমত্য হয়েছে।
এটি ছিল ট্রাম্প ও পুতিনের সপ্তম মুখোমুখি বৈঠক। ট্রাম্পের সঙ্গে আলোচনায় ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও বিশেষ দূত স্টিভ উইটকফ। আর পুতিনের সঙ্গে অংশ নেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং প্রেসিডেন্টের সহকারী ও মুখপাত্র ইউরি উশাকভ।