সারাবিশ্ব

পুতিনের ফোলা হাতের ভিডিও ভাইরাল, অসুস্থ নাকি অন্য কিছু?


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৫:১১ পিএম

পুতিনের ফোলা হাতের ভিডিও ভাইরাল, অসুস্থ নাকি অন্য কিছু?
ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তার হাত অস্বাভাবিকভাবে ফোলা দেখা গেছে। এই ভিডিও ঘিরে নতুন করে জোরালো হয়েছে পুতিনের স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনা।

মার্কিন ম্যাগাজিন নিউজউইক জানিয়েছে, গত সপ্তাহে ৭৩ বছর বয়সি পুতিন রাশিয়ার একটি তরুণ সংগঠন ‘হেলদি ফাদারল্যান্ড’-এর প্রধান ২২ বছর বয়সি ইয়েকাতেরিনা লেশ্চিনস্কায়ার সঙ্গে সাক্ষাৎ করেন। সেই সাক্ষাতের একটি ভিডিওই এখন ভাইরাল।

ভিডিওতে দেখা যায়, পুতিনের ডান হাত কুঁচকে আছে, শিরাগুলো ফুলে রয়েছে এবং তিনি হাত মুষ্টিবদ্ধ করে রাখছেন। তার মুখে অস্বস্তির ছাপও স্পষ্ট।

ভিডিওটি প্রকাশের পরই সামাজিক মাধ্যমে আলোচনা ছড়িয়ে পড়ে। কেউ কেউ ধারণা করছেন, পুতিন হয়তো স্নায়ুজনিত বা রক্ত সঞ্চালনের সমস্যায় ভুগছেন। আবার অনেকে তার উপসর্গকে পারকিনসন’স রোগের সঙ্গে তুলনা করছেন।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা অ্যান্টন গেরাশচেঙ্কো এক্স (সাবেক টুইটার)-এ ভিডিওটি শেয়ার করে লেখেন, “পুতিনের হাতে কী হয়েছে?” — এরপরই শুরু হয় নানা মন্তব্য ও অনুমান।

এর আগেও পুতিনের স্বাস্থ্যে নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর কয়েক মাস পর তার হাতের পেছনে কালো দাগ দেখা গেলে সামাজিক মাধ্যমে নানা জল্পনা শুরু হয়।

তবে ক্রেমলিন এখনো পুতিনের ফোলা হাতের ভিডিও বা স্বাস্থ্য নিয়ে কোনো মন্তব্য করেনি। অতীতে এই ধরনের গুজবকে তারা বরাবরই ‘ভিত্তিহীন ও মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, শুধু পুতিন নন- সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতের দাগ নিয়েও অনলাইনে ব্যাপক আলোচনা হয়েছিল। পরে হোয়াইট হাউস জানায়, ঘন ঘন হাত মেলানো ও অ্যাসপিরিন সেবনের কারণে তার হাতে দাগ পড়েছিল।