সারাবিশ্ব
রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র
ইরান–ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় রাশিয়ার তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় শুক্রবার এ তথ্য জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। বিষয়টি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অধীন অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) অনলাইনে প্রকাশিত এক নোটিশে জানিয়েছে, আগামী ১১ এপ্রিল পর্যন্ত রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়ে একটি বিশেষ লাইসেন্স জারি করা হয়েছে।
ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার তেল বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তবে ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও জ্বালানি সরবরাহ সংকটের আশঙ্কার কারণে আপাতত সেই নিষেধাজ্ঞা শিথিল করা হলো।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানের কারণে সৃষ্ট অস্থিতিশীলতার মধ্যে বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।
নতুন লাইসেন্স অনুযায়ী ১২ মার্চ পর্যন্ত জাহাজে বোঝাই করা রুশ তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যের ক্ষেত্রে এই অনুমতি কার্যকর হবে। এর একদিন আগেই যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত মজুত থেকে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দেয়।
উল্লেখ্য, ইরান পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়েই পরিবাহিত হয়, ফলে এর প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারে ব্যাপক।
এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি কৌশলগত মজুত থেকে রেকর্ড ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার নির্দেশ দিয়েছে।