সারাবিশ্ব

পাকিস্তানে বাস থেকে নামিয়ে ৯ যাত্রীকে গুলি করে হত্যা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০১:০১ পিএম

পাকিস্তানে বাস থেকে নামিয়ে ৯ যাত্রীকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় অন্তত ৯ জন বাসযাত্রীকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। স্থানীয় সময় শুক্রবার (১১ জুলাই) ভোরে কোয়েটা-লাহোর রুটে যাত্রীবাহী একটি বাস থামিয়ে এই নির্মম হত্যাকাণ্ড চালানো হয়।

ঘটনাটি ঘটে বেলুচিস্তানের ঝোব জেলার কাছাকাছি একটি মহাসড়কে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোরের দিকে সশস্ত্র দুর্বৃত্তরা বাসটির গতিরোধ করে যাত্রীদের জোরপূর্বক নামিয়ে আনে। পরে পরিচয় যাচাই করে নয়জনকে আলাদা করে একের পর এক গুলি করে হত্যা করা হয়।

ঝোবের সহকারী কমিশনার নাভিদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিহতদের মরদেহ রেখনি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তে কাজ চলছে।”

প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ এই হত্যাকাণ্ডকে ‘চরম বর্বরতা’ উল্লেখ করে বলেন, “এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা। বাস থামিয়ে নিরীহ যাত্রীদের পরিচয় নিশ্চিত করে হত্যার ঘটনা পূর্বপরিকল্পিত। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে এবং আশপাশের এলাকা ঘিরে ফেলা হয়েছে।”

পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন জানিয়েছে, এই হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ)। সংগঠনটির এক মুখপাত্র জানায়, মুসাখাইল-মাখতার ও খাজুরি হাইওয়ে ব্লক করে ওই যাত্রীদের হত্যা করা হয়।