সারাবিশ্ব

ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক আরোপ নিয়ে মুখ খুললেন মোদি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৯:৩৮ পিএম

ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক আরোপ নিয়ে মুখ খুললেন মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় রপ্তানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে রাশিয়া থেকে তেল ও অস্ত্র আমদানির বিষয়েও ভারতকে ভর্ৎসনা করে অতিরিক্ত জরিমানার হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্পের এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী আলোচনার জন্ম দিয়েছে। অবশেষে এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার (২ আগস্ট) উত্তরপ্রদেশের বারাণসীতে এক জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা তুলে ধরে দেশবাসীকে দেশীয় ‘স্বদেশি’ পণ্যের প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

মোদি বলেন, "বর্তমান বিশ্ব অর্থনীতি নানা অনিশ্চয়তার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। প্রতিটি দেশ এখন নিজেদের স্বার্থ আগে বিবেচনায় নিচ্ছে। ভারতও ব্যতিক্রম নয়। খুব শিগগিরই আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করব। তাই আমাদের নিজেদের কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, তরুণ প্রজন্মের স্বার্থ সুরক্ষায় জোর দিতে হবে।"

তিনি আরও বলেন, "এটা শুধু সরকারের কাজ নয়। দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব আছে। সবাইকে স্বদেশি পণ্য কেনার অঙ্গীকার করতে হবে। আমাদের প্রতিটি কেনাকাটার ভিত্তি হওয়া উচিত— সেটি যেন একজন ভারতীয়ের শ্রমে, দক্ষতায় তৈরি। এটাই হবে প্রকৃত ‘ভোকাল ফর লোকাল’।"

মোদি ব্যবসায়ী ও দোকানদারদের প্রতিও আহ্বান জানান, যেন তারা ভারতীয় পণ্যের প্রসারে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি বলেন, "বিশ্ব যখন অর্থনৈতিক অনিশ্চয়তায় ভুগছে, তখন আমাদের উচিত কেবল দেশীয় পণ্য বেচাকেনায় মনোনিবেশ করা। এতে দেশীয় শিল্প ও কর্মসংস্থান বাঁচবে।"

এই বক্তব্যের মাধ্যমে মোদি পরোক্ষভাবে ট্রাম্পের ঘোষণার প্রতি প্রতিক্রিয়া জানালেন। এর আগে, গত বুধবার ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দেন এবং ভারত ও রাশিয়াকে কটাক্ষ করে ‘মৃত অর্থনীতি’র দেশ হিসেবে উল্লেখ করেন।

এই প্রেক্ষাপটে ভারত সরকার জানিয়েছে, মার্কিন ঘোষণার প্রভাব বিশ্লেষণ করা হচ্ছে এবং দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সংসদে বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল বলেন, "যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। সরকার সব অংশীজনের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি মূল্যায়ন করছে এবং দেশের কৃষক, শিল্প ও রপ্তানিকারকদের সুরক্ষায় সচেষ্ট রয়েছে।"