সারাবিশ্ব
স্বামীর সঙ্গে ঝগড়ার পর তিন সন্তানসহ মায়ের খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যা
ভারতের উত্তরপ্রদেশের বান্দা জেলার রিসাউরা গ্রামে স্বামীর সঙ্গে বিবাদের কারণে এক মা তিন সন্তানকে নিয়ে খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (৯ আগস্ট) পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃতরা হলেন মা রীনা ও তার তিন শিশুসন্তান—হিমাংশু (৯), আনশি (৫) এবং প্রিন্স (৩)।
ঘটনাটি সম্পর্কে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে রীনার স্বামী অখিলেশের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তীব্র ঝগড়া হয়। এরপর রীনা স্বামীকে না জানিয়ে সন্তানদের নিয়ে ঘর ছেড়ে চলে যান।
পরের সকালে রীনার শ্বশুরবাড়ির লোকজন তাদের খোঁজ শুরু করলে খালের ধারে রীনার পোশাক, চুড়ি, ব্রেসলেট ও স্যান্ডেলের মতো ব্যক্তিগত সামগ্রী পাওয়া যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়।
বান্দা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শিব রাজ নিশ্চিত করেছেন, তারা খালের পানি কমিয়ে ডুবুরি মোতায়েন করে মরদেহ তল্লাশি শুরু করেন। প্রায় পাঁচ-ছয় ঘণ্টা অনুসন্ধানের পর খালের পানির নিচ থেকে রীনা ও তার তিন সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো কাপড় দিয়ে একসঙ্গে বাঁধা অবস্থায় পাওয়া গেছে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন এবং পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত চলছে।