সারাবিশ্ব
যুদ্ধ শিগগিরই হতে পারে, আমাদের প্রস্তুত হতে হবে: ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী হুঁশিয়ারি দিয়েছেন, পরবর্তী যুদ্ধ হয়তো ধারণার চেয়েও শিগগিরই শুরু হতে পারে। শুধু সশস্ত্র বাহিনী নয়, সেই যুদ্ধে জয় পেতে প্রয়োজন হবে নাগরিক, শিক্ষা-প্রতিষ্ঠান, শিল্পখাত ও বিজ্ঞানীদের সম্মিলিত প্রস্তুতির।
গত ৪ আগস্ট চেন্নাইয়ের আইআইটি মাদ্রাজে একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমন মন্তব্য করেন জেনারেল দ্বিবেদী। তার বক্তব্যের একটি ভিডিও প্রকাশ করেছে ভারতের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর।
ভিডিওতে সেনাপ্রধানকে বলতে শোনা যায়, “যুদ্ধ শিগগিরই শুরু হতে পারে। সে অনুযায়ী আমাদের প্রস্তুত থাকতে হবে। কারণ, এবার এই লড়াই হবে সম্মিলিতভাবে—সেনাবাহিনী, নাগরিক, বিজ্ঞানী, শিক্ষাবিদ, সবাইকে নিয়ে।”
তিনি কোনো দেশের নাম উল্লেখ না করলেও ইঙ্গিত দিয়েছেন, পরবর্তী যুদ্ধে প্রতিপক্ষ একা থাকবে না—তারা অন্য কোনো দেশের সহায়তাও পেতে পারে।
ভারতের ইতিহাসে আলোচিত 'অপারেশন সিঁদুর'-এর উদাহরণ টেনে সেনাপ্রধান বলেন, সেই সামরিক অভিযানের সময় শত্রুপক্ষের চাল অনুমান করা ছিল কঠিন, অনেকটা দাবা খেলার মতো। তিনি আরও বলেন, “টেস্ট ম্যাচের মতো চতুর্থ দিনে খেলা থেমে গেলেও যুদ্ধ আরও দীর্ঘ হতে পারত।”
দ্বিবেদীর এই সতর্কবার্তা সামনে আসে এমন এক সময়ে, যখন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির আমেরিকার মাটিতে বসে হুঁশিয়ারি দেন, “পাকিস্তানের কিছু হলে অর্ধেক দুনিয়াকে সঙ্গে নিয়ে যাবে ইসলামাবাদ।”
বিশ্লেষকরা মনে করছেন, ভারতের সেনাপ্রধানের এমন বক্তব্য মূলত আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষিতে, যেখানে শুধু সীমান্ত নয়, ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্রেও বড় সংঘাতের আশঙ্কা ক্রমেই ঘনীভূত হচ্ছে।