সারাবিশ্ব
নিজ বাসভবনে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তকে যুবকের চড়
দিল্লিতে চাঞ্চল্যকর এক ঘটনার সাক্ষী রইল রাজধানী। বুধবার সকালে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের সরকারি বাসভবনে আয়োজিত এক জনশুনানির সময় হঠাৎ এক যুবক মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে তাকে চড় মারেন এবং চুল ধরে টানাটানি করেন।
ঘটনা ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় তৎপর থাকা কর্মকর্তারা সঙ্গে সঙ্গে অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
পুলিশ জানায়, বর্তমানে অভিযুক্তের ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে, যাতে হামলার কারণ ও পেছনের প্রেক্ষাপট খতিয়ে দেখা যায়। এদিকে, হামলার পর মুখ্যমন্ত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা পরীক্ষা করছেন।
ঘটনার পর দিল্লি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছে নিরাপত্তা জোরদার করেছেন। পুরো এলাকা ঘিরে সতর্কতা অবলম্বন করা হয়েছে, যাতে এ ধরনের ঘটনা পুনরায় ঘটার সম্ভাবনা কমানো যায়।