সারাবিশ্ব

মসজিদে অশোভন পোশাকে নাচ-গান ও ভিডিও ধারণ, মডেলের বিরুদ্ধে মামলা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৯:২৭ পিএম

মসজিদে অশোভন পোশাকে নাচ-গান ও ভিডিও ধারণ, মডেলের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

পাকিস্তানের ঐতিহাসিক ওয়াজির খান মসজিদে অশোভন পোশাকে নাচ-গান ও ভিডিও ধারণের অভিযোগে এক মডেল এবং এক ফটোগ্রাফারের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে।

লাহোরের আকবরি গেট থানায় ১৭ আগস্ট রাতে দায়ের করা এফআইআরে মডেল আজবিয়া খান এবং ফটোগ্রাফার জেইন শাহের নাম উল্লেখ করা হয়। মামলার বাদী ওয়ার্ল্ড সিটি অব লাহোর অথরিটির (ডব্লিউসিএলএ) কর্মকর্তা মুহাম্মদ ওয়াইস জানিয়েছেন, ১৩ আগস্ট মডেল আজবিয়া মসজিদের পবিত্রতা উপেক্ষা করে সেখানে অশালীন পোশাকে ভিডিও ধারণ করেন, যা পূর্বানুমতি ছাড়াই করা হয়েছে।

মুহাম্মদ ওয়াইস বলেন, "মসজিদের পবিত্রতা রক্ষায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার এফআইআরে অভিযুক্তদের সঠিক ঠিকানা কিংবা পরিচয় সংক্রান্ত কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। ফলে তাদের শনাক্ত ও গ্রেপ্তার প্রক্রিয়া জটিল হয়ে উঠেছে। অভিযুক্তদের খুঁজে বের করতে তদন্ত চলছে।

এদিকে, মসজিদ কর্তৃপক্ষের অসন্তোষ প্রকাশের পর বিষয়টি আরও গুরুত্ব পায়। আওকাফ বিভাগের সেক্রেটারি ড. তাহির রাজা বুখারি নিশ্চিত করেছেন, ডব্লিউসিএলএ ঘটনার তদন্তে রয়েছে এবং এফআইআর রেকর্ড করা হয়েছে।

উল্লেখ্য, ১৭শ শতাব্দীর মুঘল স্থাপত্যশৈলীতে নির্মিত ওয়াজির খান মসজিদটি লাহোর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। এটি মুঘল সম্রাট শাহজাহানের আমলে, ১৬৩৪-১৬৪১ সালের মধ্যে পাঞ্জাবের গভর্নর ওয়াজির খানের তত্ত্বাবধানে নির্মিত হয়। বর্তমানে মসজিদটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ টেনটেটিভ লিস্টে রয়েছে এবং সেখানে আন্তর্জাতিক সহায়তায় সংস্কারকাজ চলছে।