সারাবিশ্ব

ভারতে পালিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করালেন ঢাকার সাবেক এমপি, জানালেন দুর্দশার কথা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৮ পিএম

ভারতে পালিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করালেন ঢাকার সাবেক এমপি, জানালেন দুর্দশার কথা
প্রতীকী ছবি

বাংলাদেশে গত বছর গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচারী সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর, দেশের অনেক সাবেক এমপি ও মন্ত্রী পালিয়ে ভারতে আশ্রয় নেন। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট এক প্রতিবেদনে এসব পলাতক রাজনীতিকদের বর্তমান জীবনযাপন, কর্মকাণ্ড ও অবস্থান নিয়ে বিস্তারিত তুলে ধরেছে।

প্রতিবেদনে উঠে এসেছে ঢাকার এক তরুণ সাবেক সংসদ সদস্যের ব্যক্তিগত অভিজ্ঞতা। তিনি জানিয়েছেন, ২০২৪ সালের ডিসেম্বরে তিনি বাংলাদেশ থেকে কলকাতায় পালিয়ে যান এবং এখন নিউটাউনের একটি ছোট ফ্ল্যাটে একাকী বসবাস করছেন। রাজনৈতিক জীবনের হঠাৎ ছন্দপতনের পর তিনি বেকার অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন।

চাকরি বা রাজনৈতিক ব্যস্ততা না থাকায় অবশেষে নিজের দীর্ঘদিনের এক ইচ্ছা পূরণে সময় বের করে নিয়েছেন এই সাবেক এমপি— হেয়ার ট্রান্সপ্লান্ট। গত জানুয়ারিতে দিল্লিতে গিয়ে মাথায় চুল গজানোর চিকিৎসা করিয়েছেন তিনি।

তার ভাষায়, “ঢাকা থেকে পালানোর সময় আমার মাথার সামনের অংশে চুল অনেকটাই উঠে গিয়েছিল। আমার স্ত্রী বহুদিন ধরে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করানোর পরামর্শ দিচ্ছিলেন, কিন্তু আমি তখন সংসদ সদস্য হয়ে নির্বাচনী এলাকায় ব্যস্ত থাকায় সময় করে উঠতে পারিনি। এখন সেই সুযোগ হয়েছে।”

তিনি আরও বলেন, “এমন একটা কঠিন সময় পার করছি, তার মধ্যেও নতুন চুল পাওয়া মন ভালো করে দেয়।”

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ভারতের বিভিন্ন শহরে অবস্থানরত আরও কয়েকজন সাবেক বাংলাদেশি মন্ত্রী ও এমপি কীভাবে দিন কাটাচ্ছেন। সরাসরি কথা বলেছেন বাংলাদেশের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এ আরাফাত। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্পর্কে তথ্যও উঠে এসেছে ওই প্রতিবেদনে।