সারাবিশ্ব

ভারত-রাশিয়ার বন্ধুত্বকে সম্মান করে পাকিস্তান: শেহবাজ শরিফ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ পিএম

ভারত-রাশিয়ার বন্ধুত্বকে সম্মান করে পাকিস্তান: শেহবাজ শরিফ
শেহবাজ শরিফ ও ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে স্বীকৃতি ও সম্মান জানিয়েছে পাকিস্তান। তবে একইসঙ্গে ইসলামাবাদ মনে করে, দক্ষিণ এশিয়ায় ভারসাম্য রক্ষায় রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্কও হওয়া উচিত আরও দৃঢ়, পরিপূরক ও পারস্পরিক সম্মাননির্ভর।

সম্প্রতি চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে এই বার্তা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই সম্মেলনে অংশ নেন সদস্য রাষ্ট্রগুলোর নেতারা।

সম্মেলনের শেষ দিনে (২ সেপ্টেম্বর) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকের সময় দুই নেতা একসঙ্গে পুতিনের সরকারি লিমুজিন গাড়িতে করে ভেন্যুতে যান, যা ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

পরদিন, ৩ সেপ্টেম্বর, পুতিনের সঙ্গে বৈঠকে বসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সেখানে মোদি-পুতিন বৈঠকের প্রসঙ্গ টেনে শেহবাজ বলেন, “আমরা ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সম্মান করি। এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক। তবে আমরা বিশ্বাস করি, পাকিস্তানের সঙ্গেও রাশিয়ার এমনই এক শক্তিশালী ও সম্মাননির্ভর বন্ধন থাকা উচিত, যা দক্ষিণ এশিয়ার শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে অবদান রাখতে পারে।”

পাক-রাশিয়া সম্পর্ক আরও গভীর করতে বাণিজ্য, জ্বালানি, কৃষি, প্রতিরক্ষা, শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, সংস্কৃতি ও জনগণ পর্যায়ের যোগাযোগ বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেন শেহবাজ।

পুতিনও এই আগ্রহের প্রতি সম্মান জানিয়ে বলেন, “গত কয়েক বছরে কিছু বাস্তব কারণে রাশিয়া ও পাকিস্তানের মধ্যকার বাণিজ্য কিছুটা কমে গেছে। যদিও এই পরিমাণ খুবই সামান্য, তবুও এটি আমাদের জন্য একটি বার্তা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্মূল্যায়ন করা উচিত এবং এগুলো উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া দরকার।”

এছাড়া বৈঠকে পাকিস্তানে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় শত শত মানুষের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট।

পুতিন বলেন, “আমরা জানি, পাকিস্তান এই মুহূর্তে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি। অনেক মানুষের মৃত্যু হয়েছে—এটা আমাদের ব্যথিত করেছে। তবে এসসিও সম্মেলনের মাধ্যমে আমাদের মধ্যে সরাসরি যোগাযোগ হলো, আপনি গুরুত্বপূর্ণ কিছু বার্তা দিয়েছেন। আমরা আশা করি, আপনার নেতৃত্বে পাকিস্তান এসব সংকট সফলভাবে অতিক্রম করতে পারবে।”