সারাবিশ্ব

বিমানে ওঠার আগে রানওয়েতে বসেই প্রস্রাব ভারতীয় যাত্রীর, হতবাক পাইলট! (ভিডিও)


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩২ পিএম

বিমানে ওঠার আগে রানওয়েতে বসেই প্রস্রাব ভারতীয় যাত্রীর, হতবাক পাইলট! (ভিডিও)
ছবি: সংগৃহীত

ভারতের বিহারের দ্বারভাঙা বিমানবন্দরে ঘটেছে এক অবাক করা ঘটনা। বিমানে ওঠার ঠিক আগে রানওয়ের পাশে বসে প্রস্রাব করতে দেখা গেল এক বৃদ্ধকে। ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন বিমানের ককপিটে থাকা এক পাইলট, যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

ভিডিওটি মাত্র ৯ সেকেন্ডের হলেও তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায়, সাদা ধুতি ও পাঞ্জাবি পরিহিত একজন বৃদ্ধ বিমান থেকে মাত্র কয়েক মিটার দূরে রানওয়ের পাশে বসে প্রস্রাব করছেন। অন্যদিকে, অন্যান্য যাত্রীরা বিমানে ওঠার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছেন। দৃশ্যটি দেখে পাইলটও বিস্ময়ে হেসে ওঠেন এবং সেটি মোবাইলে ধারণ করেন।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘আদর্শ আনন্দ’ নামের একটি এক্স (টুইটার) হ্যান্ডল থেকে, যা ইতোমধ্যেই লাখের বেশি মানুষ দেখে ফেলেছেন।

ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বিষয়টিকে মজার ছলে দেখলেও, অনেকেই বৃদ্ধের আচরণকে অসভ্যতা ও নিয়মবহির্ভূত বলছেন।

একজন মন্তব্য করেন, “বিমানে সাধারণ মানুষের যাতায়াত বাড়ছে, এটা ভালো দিক। তবে শিষ্টাচারও জরুরি।”

অন্য একজন কটাক্ষ করে লিখেছেন, “এই হলো নতুন ভারতীয় ‘টয়লেট সংস্কৃতি’।"

তবে কেউ কেউ পাইলটেরও সমালোচনা করেছেন। একজন লিখেছেন, “বৃদ্ধ মানুষ ভুল করতেই পারেন। তার ভিডিও করে তা প্রকাশ করা একেবারেই অনুচিত।”

ঘটনা নিয়ে এখনও পর্যন্ত দ্বারভাঙা বিমানবন্দর কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট কোনো এয়ারলাইনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। ভিডিওটি কোন বিমানের ককপিট থেকে ধারণ করা হয়েছে বা সংশ্লিষ্ট বৃদ্ধ আদৌ ঐ বিমানের যাত্রী ছিলেন কি না — সেটিও নিশ্চিত হওয়া যায়নি।