সারাবিশ্ব

৮৭ বছরেও ১২৩ থেকে ৪০ কেজিতে ওজন কমিয়ে বাজিমাত করলেন শকুন্তলা দেবী!


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ পিএম

৮৭ বছরেও  ১২৩ থেকে ৪০ কেজিতে ওজন কমিয়ে বাজিমাত করলেন শকুন্তলা দেবী!
ছবি: সংগৃহীত

অসাধারণ দৃঢ়তা আর নিয়মতান্ত্রিক জীবনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ভারতের পাঞ্জাবের অমৃতসরের ৮৭ বছর বয়সী শকুন্তলা দেবী। একসময় তার ওজন ছিল ১২৩ কেজি। অতিরিক্ত ওজনের কারণে তিনি শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন, এমনকি দৃষ্টিশক্তিও ক্ষীণ হয়ে আসছিল। কিন্তু হার না মেনে তিনি ওষুধের পরিবর্তে বেছে নেন যোগাভ্যাসকে।

২০০৮ সালে টেলিভিশনে এক যোগগুরুকে দেখে অনুপ্রাণিত হয়ে তিনি ঘরে বসেই সহজ আসন অনুশীলন শুরু করেন। এর এক বছর পর, ২০০৯ সালে, তিনি হরিদ্বারে গিয়ে যোগের আনুষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রতিদিন ভোর ৪টায় উঠে নিয়মিত যোগাভ্যাস করা ছিল তার দৈনন্দিন রুটিন। দীর্ঘ অধ্যবসায় আর কঠোর পরিশ্রমের ফলেই মাত্র এক বছরের মধ্যে তিনি ১২৩ কেজি থেকে নেমে আসেন ৪০ কেজিতে।

সম্প্রতি জনপ্রিয় রান্নার অনুষ্ঠান লাফটার শেফ-এর মঞ্চে নিজের এই অবিশ্বাস্য ওজন কমানোর যাত্রা শেয়ার করেন শকুন্তলা দেবী। অনুষ্ঠানে তিনি যে অসাধারণ শারীরিক নমনীয়তা ও ভারসাম্য প্রদর্শন করেন, তা দেখে দর্শকরা বিস্মিত হন। অনায়াসে করা তার পুশ-আপস মুহূর্তেই সবার মন জয় করে নেয়।

তবে চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, শুধু যোগাভ্যাসের মাধ্যমেই এত দ্রুত ওজন কমানো সম্ভব নয়। নিয়মতান্ত্রিক জীবনযাপন, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং নিয়মিত শরীরচর্চার সমন্বয়েই অতিরিক্ত ওজন কমিয়ে সুস্থ থাকা সম্ভব।