সারাবিশ্ব

‘চিতা তার দাগ বদলায় না’ জামায়াতের উত্থানে ভারতের সাবেক রাষ্ট্রদূতের সতর্কবার্তা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ পিএম

‘চিতা তার দাগ বদলায় না’ জামায়াতের উত্থানে ভারতের সাবেক রাষ্ট্রদূতের সতর্কবার্তা
ভারতের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। ছবি: সংগৃহীত

ভারতের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশে জামায়াতে ইসলামী নতুন করে শক্তি অর্জন করায় ভারতকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, “চিতা তার দাগ বদলায় না,” অর্থাৎ জামায়াতের চরিত্র অপরিবর্তিত রয়ে গেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত ‘আমরা কি বাংলাদেশের নির্বাচনের জন্য প্রস্তুত?’ শীর্ষক আলোচনায় তিনি এ সতর্কবার্তা দেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) পিটিআইয়ের বরাত দিয়ে ইটিভি ভারত এ খবর প্রকাশ করেছে।

বাংলাদেশে দায়িত্ব পালন করা ভারতের সাবেক এই রাষ্ট্রদূত বলেন, “যে সরকার ক্ষমতায় আসবে, তার সঙ্গে আমাদের কাজ করতে হবে। কিন্তু যদি ক্ষমতায় থাকা দল আমাদের স্বার্থের বিরুদ্ধে কাজ করে, তবে তা নিয়ে সতর্ক থাকা প্রয়োজন।”

তিনি স্মরণ করিয়ে দেন, জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের সহযোগী বাহিনী হিসেবে কাজ করেছিল এবং গণহত্যাসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়া, তিনি উল্লেখ করেন, এই সংগঠন মুসলিম ব্রাদারহুডের অংশ, যাদের নেটওয়ার্ক বাংলাদেশ, পাকিস্তান, মিসরসহ নানা দেশে সক্রিয়।

শ্রিংলা আরও জানান, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের ভেতরে এবং ভারতের সীমান্ত এলাকায় কার্যক্রম বাড়িয়েছে। এতে বিরোধী শক্তির মধ্যে যোগসাজশের ঝুঁকি রয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী ভালো ফলাফল করতে পারে।

আলোচনাটি পরিচালনা করেন শিক্ষাবিদ ও সাবেক রাজ্যসভার এমপি জওহর সিরকার।