সারাবিশ্ব
ভারতে ‘মস্তিষ্কখেকো’ অ্যামিবার সংক্রমণে ১৯ জনের মৃত্যু
ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে ‘মস্তিষ্কখেকো অ্যামিবা’ নামক প্রাণঘাতী জীবাণুর সংক্রমণে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত রাজ্যে মোট ৬১ জন এ রোগে আক্রান্ত হয়েছেন বলে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জানিয়েছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ রোগে মৃত্যুর হার আশঙ্কাজনক হারে বেড়েছে।
চিকিৎসা বিজ্ঞানে এই রোগকে বলা হয় প্রাইমারি অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস (পিএএম)। নেগলেরিয়া ফাওলেরি নামক এই ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবাণু মানুষের নাক দিয়ে শরীরে প্রবেশ করে মস্তিষ্কে পৌঁছায় এবং দ্রুত মস্তিষ্কের টিস্যু ধ্বংস করে ফেলে। ফলে আক্রান্ত ব্যক্তির মস্তিষ্ক ফুলে যায় এবং কয়েক দিনের মধ্যেই মৃত্যু ঘটে।
বিশেষজ্ঞদের মতে, রোগটি অত্যন্ত বিরল হলেও সংক্রমিত হলে মৃত্যুর ঝুঁকি প্রায় শতভাগ। সাধারণত সুস্থ শিশু ও তরুণদের মাঝেই এর সংক্রমণ বেশি দেখা যায়। উষ্ণ, বদ্ধ ও অপরিশোধিত মিঠা জল—যেমন পুকুর, হ্রদ কিংবা অনুরূপ পরিবেশ—এই জীবাণুর মূল বাহক হিসেবে কাজ করে। তাই এমন জলে সাঁতার, ডুব দেওয়া কিংবা গোসলের মাধ্যমেই এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি।
কেরালার স্বাস্থ্য বিভাগ জানায়, ভারতে প্রথমবার ২০১৬ সালে পিএএম শনাক্ত হয়েছিল। গত এক দশকে রাজ্যের বিভিন্ন জায়গায় হাতে গোনা কিছু সংক্রমণের ঘটনা ঘটলেও চলতি বছর এ সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে।
এ অবস্থায় কেরালাজুড়ে জারি করা হয়েছে স্বাস্থ্য সতর্কতা। জনগণকে সতর্ক করে বলা হয়েছে, উষ্ণ ও অপরিশোধিত বদ্ধ জলাশয়ে সাঁতার, ডুব বা গোসল থেকে বিরত থাকতে।