সারাবিশ্ব

জুলাই অভ্যুত্থানের প্রামাণ্যচিত্র ইউটিউবে ব্লক করল ভারত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১০ পিএম

জুলাই অভ্যুত্থানের প্রামাণ্যচিত্র ইউটিউবে ব্লক করল ভারত
ছবি: সংগৃহীত

বাংলাদেশে সংঘটিত কথিত জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘৩৬ জুলাই: রাষ্ট্র বনাম নাগরিক’ ভারতে ইউটিউব থেকে ব্লক করে দেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।

প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন ভারতীয় পরিচালক সৌমিত্র দস্তিদার। তিনি ভারতের জনপ্রিয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে জানান, “আমি ভিডিওটি প্রকাশের পর নিজেই দেখতে পারছিলাম না। পরে বুঝি এটি শুধুমাত্র ভারত থেকে ব্লক করা হয়েছে। অথচ বাংলাদেশের দর্শকরা ঠিকই দেখতে পাচ্ছেন।”

চলচ্চিত্রটি প্রথমে আগস্ট মাসে একটি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হয়, এরপর ইউটিউবে প্রকাশ করা হলে তা বেশ সাড়া ফেলে। যদিও শুরুতে একটি গানের কপিরাইট নিয়ে জটিলতা দেখা দিলেও সেপ্টেম্বরে তা মিটে যায়। এরপর ভিডিওটি বাংলাদেশে চালু থাকলেও ভারতীয় দর্শকদের জন্য ব্লক করে দেওয়া হয়।

এই প্রামাণ্যচিত্রে উঠে এসেছে জুলাইয়ের আলোচিত ঘটনাপ্রবাহ ও এর পেছনের নানা বিশ্লেষণ। এতে অংশ নিয়েছেন লেখক ও গবেষক বদরুদ্দিন ওমর, সাংবাদিক তাসনিম খলিল, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর তাজউদ্দিন আহমেদের কন্যা শারমীন আহমেদ, গবেষক মেঘমল্লার বসু এবং উমামা ফাতেমা।

গবেষণা ও চিত্রনাট্য করেছেন শাহেদ শুভ এবং চিত্রগ্রহণে ছিলেন লুতফর রহমান।

সৌমিত্র দস্তিদার বলেন, “আমি এখানে কেবল বাস্তবতা তুলে ধরেছি। প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার ও মতামতের ভিত্তিতে চলচ্চিত্রটি নির্মাণ করেছি। এতে এমন কিছু ছিল না, যা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।”

তিনি আরও বলেন, “ভারতে যখন দ্য বেঙ্গল ফাইলস কিংবা অন্য বিতর্কিত ছবি সরকারি সুরক্ষায় মুক্তি পাচ্ছে, সেখানে ৩৬ জুলাই–এর মতো একটি তথ্যনির্ভর প্রামাণ্যচিত্র ব্লক করা সত্যিই অবাক করার মতো।”