সারাবিশ্ব

ভারত হামলা করলে পাকিস্তানের পাশে থাকবে সৌদি আরব: খাজা আসিফ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৮ পিএম

ভারত হামলা করলে পাকিস্তানের পাশে থাকবে সৌদি আরব: খাজা আসিফ
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। ছবি: সংগৃহীত

ভবিষ্যতে ভারত যদি পাকিস্তানের ওপর হামলা চালায়, তাহলে রিয়াদ ইসলামাবাদের পাশে দাঁড়াবে—এমনটাই দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পাকিস্তানের জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সম্প্রতি সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির ৫ নম্বর ধারা অনুযায়ী, এটি একটি 'যৌথ প্রতিরক্ষা চুক্তি', যা একে অপরের নিরাপত্তা নিশ্চিতে বাধ্য করে।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, “হ্যাঁ, নিঃসন্দেহে সৌদি আরব আমাদের পাশে থাকবে। এই চুক্তির ভিত্তিতেই আমরা একে অপরের প্রতিরক্ষায় এগিয়ে আসব।”

তিনি আরও বলেন, “এই চুক্তি ন্যাটো স্টাইলে তৈরি এটি প্রতিরক্ষামূলক, আক্রমণাত্মক নয়। যদি কোনো পক্ষের ওপর হামলা হয়, তাহলে সেটিকে চুক্তিতে স্বাক্ষরকারী উভয় দেশের ওপর হামলা বলে ধরা হবে এবং সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে।”

গত ১৭ সেপ্টেম্বর পাকিস্তান ও সৌদি আরব একটি প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। যদিও চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ হয়নি, তবে সৌদি এক কর্মকর্তা জানিয়েছেন, এতে সামরিক খাতের প্রায় সবকিছুই অন্তর্ভুক্ত রয়েছে।

বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে পাকিস্তানই একমাত্র দেশ যার হাতে রয়েছে পরমাণু অস্ত্র। আর অর্থনৈতিকভাবে দুর্বল হলেও পাকিস্তানের ৬ লাখ সেনাবাহিনীকে বিশ্বের অন্যতম বড় ও শক্তিশালী বাহিনী হিসেবে বিবেচনা করা হয়।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কেউ কেউ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোটকে আখ্যা দিয়েছেন ‘সৌদি রিয়ালের সঙ্গে পাকিস্তানি পরমাণু অস্ত্রের জোট’ হিসেবে।