সারাবিশ্ব

ভারতে পূজামণ্ডপে অসুর রূপে ডোনাল্ড ট্রাম্প, দর্শকদের ভিড়


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ পিএম

ভারতে পূজামণ্ডপে অসুর রূপে ডোনাল্ড ট্রাম্প, দর্শকদের ভিড়
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে এবারের দুর্গাপূজায় দেখা গেল এক ব্যতিক্রমী আয়োজন। বহরমপুরের খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি তাদের মণ্ডপে অসুর রূপে গড়ে তুলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূর্তি। উদ্বোধনের পরপরই এই অভিনব থিম ব্যাপক সাড়া ফেলে দিয়েছে।

পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়, ট্রাম্প-আকৃতির এই অসুর মূলত প্রতীকী। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্টের প্রতি ভারতের জনগণের ‘বিশ্বাসঘাতকতার বোধ’কে প্রকাশ করা হয়েছে। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার প্রশাসনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত শুল্ক আরোপ ও কূটনৈতিক টানাপোড়েনে অনেকেই হতাশ হয়েছেন। শিল্পী অসীম পাল এই ভাস্কর্যটি নির্মাণ করেন।

বহরমপুর পৌরসভার মেয়র নারু গোপাল মুখার্জি মূর্তিটি উদ্বোধন করেন। উদ্বোধনের পর অল্প সময়ের মধ্যেই বিপুল সংখ্যক দর্শক ভিড় জমায় মণ্ডপে। এতে বৈশ্বিক রাজনৈতিক সম্পর্ক কীভাবে স্থানীয় সংস্কৃতি ও শিল্পচর্চায় প্রতিফলিত হয়, সেটিই স্পষ্ট হয়েছে।

 

tramp-puja-1-Dhaka Prokah News-27-09-2025.jpg
ছবি: সংগৃহীত

উল্লেখ্য, এটি ট্রাম্পকে ভারতীয় সংস্কৃতিতে প্রতীকায়িত করার প্রথম ঘটনা নয়। ২০১৮ সালে তেলেঙ্গানার এক কৃষক যুক্তরাষ্ট্র-ভারত সৌহার্দ্যের আশায় ট্রাম্পকে উদ্দেশ্য করে একটি মন্দিরও নির্মাণ করেছিলেন।

খাগড়া পূজা কমিটির সদস্য প্রতীক বলেন, “আমরা এই মূর্তিটি তৈরি করেছি আমাদের ওপর আরোপিত ৫০ শতাংশ শুল্কের প্রতিক্রিয়ায়। আমাদের প্রধানমন্ত্রী মোদি ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু ভেবেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনিই বিশ্বাসঘাতকতার শিকার হন। সেই ক্ষোভই আমরা অসুর রূপে প্রকাশ করেছি।”

তিনি আরও জানান, “উদ্বোধনের পর থেকেই স্থানীয় সমাজ ও দর্শকদের কাছ থেকে প্রবল ইতিবাচক সাড়া পাচ্ছি। আমাদের কাছে ট্রাম্প দৈত্যস্বরূপ, কারণ তিনি ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।”