সারাবিশ্ব

পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ আখ্যা দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম

পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ আখ্যা দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ হিসেবে আখ্যা দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি অভিযোগ করেন, গত কয়েক দশক ধরে ভারতে সংঘটিত সন্ত্রাসী হামলার মূল উৎস পাকিস্তান এবং দেশটি দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি হিসেবে ব্যবহার করছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে জয়শঙ্কর বলেন, “বড় আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মূল রয়েছে একটি দেশে। যখন কোনো রাষ্ট্র সন্ত্রাসবাদকে সরকারি নীতি হিসেবে গ্রহণ করে, যখন সেখানে সন্ত্রাসবাদের ঘাঁটি গড়ে ওঠে এবং তা মহিমান্বিত করা হয়—তখন বিশ্বের দায়িত্ব হলো দ্ব্যর্থহীনভাবে এর নিন্দা জানানো।”

ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার পর থেকেই ভারত সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবিলা করে আসছে। এ প্রসঙ্গে পাকিস্তানকে ইঙ্গিত করে তিনি জানান, দেশটি শুধু ভারতের ভেতরে হামলা চালাতেই নয়, বরং সন্ত্রাসবাদের অর্থায়ন ও প্রশিক্ষণ দিয়েও আন্তর্জাতিকভাবে হুমকি তৈরি করেছে।

অপারেশন ‘সিঁদুর’ প্রসঙ্গে জয়শঙ্কর উল্লেখ করেন, ভারত তার জনগণকে রক্ষার স্বার্থে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে এবং যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তাদের বিচারের আওতায় এনেছে।

তিনি আরও জোর দিয়ে বলেন, সন্ত্রাসবাদের অর্থায়ন বন্ধ করতে হবে এবং এর নেটওয়ার্ক ও অবকাঠামোর ওপর অব্যাহত চাপ সৃষ্টি করতে হবে। জয়শঙ্কর সতর্ক করে বলেন, “যেসব দেশ সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করে বা সেগুলোকে প্রশ্রয় দেয়, শেষ পর্যন্ত তারা নিজেরাই এর ভুক্তভোগী হয়ে পড়ে।”