সারাবিশ্ব
পাকিস্তানের জাহাজে ইসরায়েলের হামলা
ইসরায়েলি ড্রোন হামলার শিকার হয়েছে পাকিস্তানের নাগরিক বহনকারী একটি জ্বালানি ট্যাঙ্কার। ইয়েমেনের রাস ইসা বন্দরে অবস্থানকালে এ হামলার ঘটনা ঘটে। জাহাজটিতে মোট ২৭ জন ক্রু ছিলেন, এর মধ্যে ২৪ জন পাকিস্তানি, ২ জন শ্রীলঙ্কান ও একজন নেপালি নাগরিক। ট্যাঙ্কারের ক্যাপ্টেনও পাকিস্তানি।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি বিষয়টি নিশ্চিত করে জানান, ১৭ সেপ্টেম্বর হামলার সময় ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে। তবে ক্রুরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে হুথি বিদ্রোহীরা নৌযান দিয়ে জাহাজ থামিয়ে ক্রুদের আটক করে।
মন্ত্রী নকভি বলেন, “বর্তমানে ট্যাঙ্কার ও তার ক্রুরা হুতিদের হাত থেকে মুক্ত হয়ে ইয়েমেনের জলসীমার বাইরে পৌঁছেছে।” তিনি পাকিস্তানি নিরাপত্তা বাহিনী, ওমান ও সৌদি আরবে নিযুক্ত পাকিস্তানি কূটনীতিকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট দূতাবাসগুলো ইয়েমেন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং ক্রুদের সুস্থতা নিশ্চিত করেছে। পরিবারগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগও বজায় রাখা হয়। বর্তমানে ট্যাঙ্কার পুনরায় যাত্রা শুরু করেছে এবং সব ক্রু নিরাপদে আছেন।
সূত্র: ডন