সারাবিশ্ব

মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি ভারতের সেনাপ্রধানের 


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০৬:১১ পিএম

মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি ভারতের সেনাপ্রধানের 
ছবি: সংগৃহীত

রাষ্ট্র কর্তৃক সন্ত্রাসবাদ বন্ধ না করলে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি দিয়েছে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

শুক্রবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছেন এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, রাজস্থানের অনুপগড়ের একটি সেনা পোস্টে বক্তব্য প্রদানকালে দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘পাকিস্তান যদি ভূগোলের মানচিত্রে নিজের স্থান ধরে রাখতে চায়, তাহলে রাষ্ট্র-প্রায়োজিত সন্ত্রাস বন্ধ করতে হবে। এই বিষয়ে ভারত এবার কোনও ধরণের সংযম দেখাবে না।’

সেখানে তিনি সৈন্যদের সতর্ক করে বলেন, “এইবার আমরা ‘অপারেশন সিন্দূর ১.০’-র মতো সংযম দেখাবো না। এমন কিছু করব যা পাকিস্তানকে ভাবাবে, তারা কি সত্যিই মানচিত্রে থাকতে চায় কি না। যদি পাকিস্তান মানচিত্রে থাকতে চায়, তাহলে রাষ্ট্র-প্রায়োজিত সন্ত্রাস বন্ধ করতে হবে।”

সেনাপ্রধান আরও জানিয়েছেন, অপারেশনের সময় নিরপরাধ জীবন ক্ষতিগ্রস্ত হয়নি এবং কোনও সামরিক লক্ষ্য ধ্বংস করা হয়নি। লক্ষ্য ছিল সন্ত্রাসী আশ্রয়স্থল, প্রশিক্ষণ কেন্দ্র ও তাদের প্রধানদের নিশ্চিহ্ন করা। ভারত এ বিষয়ে সারা বিশ্বের কাছে প্রমাণ দেখিয়েছে, না হলে পাকিস্তান সত্যিটিকে আড়াল করতে পারত।

উল্লেখ্য, অপারেশন সিন্দুরে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিএসএফ ১৪০তম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট প্রভাকর সিং, রাজপুতানা রাইফেলসের মেজর ঋতেশ কুমার ও হাভিলদার মোহিত গাইরাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।